যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার ভিডিও প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট পুলিশ এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। গত মঙ্গলবার এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। এর পরপরই ওই ঘটনার ভিডিও প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা।

আজ রোববার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, কিথ ল্যামন্ট স্কট নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবির মুখে ঘটনার চার দিন পর শনিবার শার্লট পুলিশ ভিডিও ফুটেজ প্রকাশ করে।

ফুটেজে দেখা যায়, স্কট তাঁর গাড়ি থেকে নেমে পেছনের দিকে হেঁটে যান। তাঁর হাত নিচে নামানো ছিল। তাঁর হাতে কিছু ছিল কি না, তা স্পষ্ট নয়। এ সময় চারটি গুলির আওয়াজ পাওয়া যায় এবং তাঁকে পড়ে যেতে দেখা যায়। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, স্কট মাটিতে পড়ে আছেন। তাঁর আশপাশে পুলিশের কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন।

পুলিশ একটি হ্যান্ডগান ও মারিজুয়ানার ছবি প্রকাশ করে বলছে, এগুলো ৪৩ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্যক্তি কিথ ল্যামন্ট স্কটের কাছে ছিল।

অবশ্য স্কটের পরিবার বলে আসছে, তাঁর কাছে বন্দুক নয়, বই ছিল।

তবে পরিবারের এই দাবি মানতে নারাজ শার্লট পুলিশ প্রধান কার পুটনি। তিনি বলেন, স্কটের হাতে অবশ্যই হ্যান্ডগান ছিল।


স্কটের পারিবারিক আইনজীবী জাস্টিক বামবার্গ বলেছেন, সর্বশেষ ভিডিও ফুটেজ ঘটনা সম্পর্কে আরও প্রশ্ন তৈরি করেছে। ফুটেজে স্কটের হাতে অস্ত্র দেখা যায়নি।