যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় পুলিশ কর্মকর্তা অভিযুক্ত
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের এক পুলিশ কর্মকর্তাকে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, দৌড়ে পালানোর সময় এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি ওই কর্মকর্তা গুলি করছেন।
আজ বুধবার এএফপির খবরে জানানো হয়, মাইকেল স্ল্যাগার (৩৩) নামের ওই পুলিশ কর্মকর্তাকে গতকাল গ্রেপ্তার করেছে দক্ষিণ ক্যারোলাইনার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। ওই অভিযোগের ভিত্তিতে স্ল্যাগারকে হত্যার অভিযোগে অভিযুক্ত করেন সাউথ ক্যারোলিনার আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানানো হয়, বাগ্বিতণ্ডার পর ওই কৃষ্ণাঙ্গকে কয়েকবার গুলি করেন পুলিশ কর্মকর্তা। ভিডিওর তথ্যপ্রমাণ ও স্থানীয় আইনপ্রয়োগকারী বিভাগের তদন্ত থেকে এসব তথ্য জানা গেছে।
ভিডিও ফুটেজে সাউথ ক্যারোলাইনার উপকূলবর্তী শহর নর্থ চার্লসস্টোন এলাকায় শনিবার ওয়াল্টার স্কট নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করতে দেখা গেছে স্ল্যাগারকে। ফুটেজে দেখা যায়, প্রথমে নিহত কৃষ্ণাঙ্গ ব্যক্তির সঙ্গে স্ল্যাগারের বাগ্বিতণ্ডা হয়, পরে দৌড়ে পালানোর সময় ওই ব্যক্তিকে পেছন থেকে সাত থেকে আটবার গুলি করেন তিনি।