যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যায় পুলিশ অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ সদস্য মাইকেল স্লেজার
পুলিশ সদস্য মাইকেল স্লেজার

যুক্তরাষ্ট্রের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্যকে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ ব্যক্তিটি ওই পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গুলি করা হয়। ঘটনাটির ভিডিও প্রকাশের পর ওই পুলিশকে অভিযুক্ত করা হলো। খবর বিবিসির।
এক পথচারী গত শনিবারের ওই ঘটনার সময় দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন।
অপরাধ দমন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পুলিশ সদস্যরা প্রতিবছর কয়েক শ লোককে গুলি করে হত্যা ও মারাত্মক আহত করে থাকেন। তবে খুব কম ক্ষেত্রেই সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে ফৌজদারি অভিযোগ মোকাবিলা করতে হয়।
তদন্তকারীরা ঘটনাটির ভিডিও দেখার পর রাজ্যের নর্থ চার্লসটনের মাইকেল স্লেজার নামের ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ওয়াল্টার লেমার স্কট নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তির গাড়ির পেছনের বাতি ভাঙা থাকার কারণে পুলিশ স্লেজার তাঁকে থামান। ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে স্কটের সঙ্গে পুলিশের সংক্ষিপ্ত হাতাহাতি হয়। পরে স্কট দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ওই পুলিশ সদস্য তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন।
স্থানীয় পত্রিকা দ্য পোস্ট অ্যান্ড কুরিয়ার-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রীকে সন্তানের লালন-পালনের অর্থ পরিশোধ ও আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় স্কটকে ১০ বারেরও বেশি গ্রেপ্তার করা হয়েছিল। ওই পত্রিকাকে নিহত স্কটের ভাই অ্যান্টনি বলেন, সন্তানের টাকা দেওয়ার ব্যাপারে ঋণী থাকায় তাঁর ভাই পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন।
বিশেষ করে নিরস্ত্র কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশের গুলি করা এবং এর পেছনে কোনো কোনো ক্ষেত্রে বর্ণবাদের যোগসূত্র থাকার বিষয়টি নিয়ে দেশজুড়ে ক্ষোভের মধ্যে নতুন এ ঘটনা ঘটল।