যুক্তরাষ্ট্রে খেলার মাঠে গুলি, আহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি খেলার মাঠে গতকাল রোববার রাতে গুলির ঘটনায় আহত কমপক্ষে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় একটি টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল রাত সাতটার দিকে বনি ফ্রেন্ড পার্কে এ ঘটনা ঘটে।

নিউ অরলিন্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মাইকেল হ্যারিসনকে উদ্ধৃত করে স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়েছে, ওই খেলার মাঠে তিন শতাধিক মানুষ ছিলেন। তাদের ওপর একাধিক ব্যক্তি গুলি চালিয়েছে বলে তিনি ধারণা করছেন। সবার অবস্থা কেমন তা জানাতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, এ গুলির ঘটনায় কেউ মারা যায়নি।

তিনজন প্রত্যক্ষদর্শী টাইমস-পিকিউন নামের ওই পত্রিকাকে বলেন, তাঁরা এক ব্যক্তিকে রূপালি রঙের একটি মেশিনগানসহ দেখেন। এরপর গুলির শব্দ শুনতে পান। এ সময় অনেকেই শুয়ে পরেন।

নিউ অরলিন্স পুলিশ বিভাগের মুখপাত্র টেলর গামবেল নিউইয়র্ক টাইমসকে বলেন, দুটি দল গুলি চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছে।

মেয়র মিচ লেন্ড্রো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।