যুক্তরাষ্ট্রে গুরুতর ইন্টারনেট বিভ্রাট
যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য গতকাল বুধবার ছিল ভয়ানক রকম অস্বস্তি ও বিরক্তিকর একটি দিন। সেবাদানকারী প্রতিষ্ঠানের ‘গুরুতর বিভ্রাটের’ কারণে ওই দিন যুক্তরাষ্ট্রের এক কোটির বেশি নাগরিক ইন্টারনেটে ঢুকতে পারেননি।
সেবাদানকারী প্রতিষ্ঠান টাইম ওয়ার্নার কেবল এর মধ্যে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, ত্রুটির কারণে গতকাল সকালে ১ কোটি ১০ লাখ মানুষ ইন্টারনেটে ঢুকতে পারেননি। প্রায় এক ঘণ্টা ধরে ওই সমস্যা চলে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় দিনের বিভিন্ন সময়ে এ সমস্যা ছিল।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সারা রাত ধরে ইন্টারনেটের ওই ত্রুটি মেরামতের কাজ চলে। সকাল সাড়ে সাতটার মধ্যে ইন্টারনেট সেবা আবার চালু করা সম্ভব হয়।
এ সমস্যার জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা ব্যবহারকারীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করছি। এ ধরনের সমস্যা যাতে আর না হয়, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে জানানো হয়, ২০১৩ সালে ইন্টারনেট সেবায় এ ধরনের সমস্যার জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থা টাইম ওয়ার্নার কেবলকে জরিমানা করা হয়েছিল।
টুইটারে দেওয়া এক বার্তায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানটি জানায়, তাদের ইন্টারনেট সেবা আবার চালু করা হয়েছে। কয়েকজন ব্যবহারকারী অবশ্য দাবি করেন, চালু করার কথা ঘোষণার পরও ইন্টারনেট সেবা অচল ছিল।