যুক্তরাষ্ট্রে সেবাকেন্দ্রে ঢুকে গুলি, নিহত ১৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি ছুড়েছে কয়েকজন বন্দুকধারী। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। পরে পুলিশের অভিযানে গুলিতে দুই বন্দুকধারী নিহত হন। পুলিশের সন্দেহ, আরও একজন হামলাকারী পালিয়ে গেছেন।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে সান বার্নার্ডিনো কাউন্টির ইনল্যান্ড রিজিওনাল সেন্টার নামের ওই সেবাকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুই বন্দুকধারীদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
মার্কিন গণমাধ্যম বলছে হামলাকারী বন্দুকধারীদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে। তাঁর নাম সৈয়দ ফারুক। সরকারি নথিতে অনুসারে সান বার্নার্ডিনো কাউন্টিতে একই নামে একজন পরিবেশ স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন। লস অ্যাঞ্জেলস টাইমস বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি সূত্র জানিয়েছে হামলাকারীর নাম সৈয়দ ফারুক।
এফবিআইয়ের সহকারী পরিচালক ডেভিড বোডিচ বলেন, ওই সেবাকেন্দ্রের কোনো একজন অসন্তুষ্ট কর্মী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। হামলার আগে ওই অনুষ্ঠানে বাগ্বিতণ্ডা হয়। এর পর একজন সেখান থেকে মেজাজ খারাপ করে চলে যান। তবে তিনি আবার ফিরে এসেছিলেন কি না, এফবিআইয়ের কাছে সে খবর নেই। এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন আরেক হামলাকারী ফারুকের ভাই হতে পারেন। তবে হামলাকারী নারীর পরিচয় জানা যায়নি।

সেবাকেন্দ্রটির যে এলাকায় সম্মেলন বা অনুষ্ঠান হয় সেখানে এই হামলা হয়। হামলার সময় সেখানে ছুটির দিনে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে শতাধিক লোক ছিলেন।
সান বার্নার্ডিনো শহরের পুলিশ প্রধান জ্যারড বারগুয়ান বলেন, হামলাকারীরা সব ধরনের প্রস্তুতি নিয়ে অভিযানে নেমেছিলেন। তাঁদের কাছে ভারী অস্ত্র ও হাতবোমা ছিল। পোশাকও ছিল কমান্ডো ধরনের। মনে হচ্ছিল তাঁরা কোনো অভিযানে নেমেছে। তবে এটি জঙ্গি হামলা কি না, এ ব্যাপারে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

গোলাগুলির সময় অনেকে ওই সেবাকেন্দ্রের বিভিন্ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে আত্মরক্ষার চেষ্টা করেন। পরে পুলিশ অনেককে সেখান থেকে সরিয়ে নেয়।
স্বাস্থ্যকেন্দ্রের সভাপতি ম্যাবেথ ফিল্ড বলেন, হামলার লক্ষ্য তাঁদের কাছে নিশ্চিত নয়। রোগীদের যেখানে চিকিৎসা দেওয়া হয় সেখানে হামলা হয়নি। সেবাকেন্দ্রের যেখানে সম্মেলন বা সামাজিক অনুষ্ঠান হয়, সেখানেই হামলার ঘটনা ঘটেছে।
২০১২ সালে একটি স্কুলে গুলি করে ২৬ জনকে হত্যা করা হয়। কিছু দিন আগে কলোরাডো একটি পরিবার পরিকল্পনাকেন্দ্রে গুলি করে পাঁচজনকে হত্যা করেন বন্দুকধারীরা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ার হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। এ ধরনের সহিংসতা বন্ধে প্রতিরোধমূলকব্যবস্থা নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।