যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। কালামাজু শহরের কাছাকাছি তিনটি জায়গায় ঘটা এ হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। নিহত ব্যক্তিদের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যার পর কয়েক ঘণ্টার ব্যবধানে একটি ফ্ল্যাটবাড়ি, একটি গাড়ির দোকান এবং একটি রেস্তোরাঁ—এই তিন স্থানে গুলি চালানো হয়। পুলিশ জানায়, ফ্ল্যাটবাড়িতে নিজ সন্তানদের সামনেই এক নারীকে কয়েকবার গুলি করা হয়। ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

এরপরই পুলিশ পাশের একটি গাড়ির দোকানে গিয়ে বন্দুকধারী তিনজনকে গুলি করে। এঁদের মধ্যে দুজন নিহত হন। নিহত হওয়া দুজন সম্পর্কে বাবা ও ছেলে। তৃতীয় গুলির ঘটনা ঘটে একটি রেস্তোরাঁর সামনের গাড়ি পার্কিংয়ের জায়গায়। সেখানে এলোপাতাড়ি গুলিতে চারজন মারা যায়। পুলিশ সেখান থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে। তাঁর গাড়ি থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কালামাজু কাউন্টির আন্ডার শেরিফ পল ম্যাটিয়াস এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন হত্যাকাণ্ড’ বলেছেন। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।