যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে নকল গাঁজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামের অভাব নেই। হরেক নামে ডাকা পণ্যটি আসলে ‘নকল গাঁজা’। এই গাঁজা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে। দেশটিতে নকল গাঁজার সর্বব্যাপী বিস্তার উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সম্প্রতি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পুলিশ ও জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দেশজুড়ে নকল গাঁজার নাটকীয় বিস্তারে মাদক-সংক্রান্ত অসুস্থতা ও অপরাধ বেড়ে গেছে।
দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রশাসনের প্রধান চাক রোজেনবার্গ বলেন, ‘সারা দেশে এটা ছড়িয়ে পড়ছে।’
প্রাথমিকভাবে এই নকল গাঁজার উপকরণ চীন থেকে আমদানি করা হয়। রং বদলে সক্ষম এই উপকরণের দাম কম। এতে আছে কৃত্রিম উপাদান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রশাসনের চাক রোজেনবার্গের ভাষ্য, এই গাঁজার মাত্রায় হেরফের আছে। রাসায়নিকও হয় ভিন্ন। প্যাকেট একই হলেও প্রতিক্রিয়ায় ব্যাপক ব্যবধান দেখা যায়।
আমেরিকান অ্যাসোসিয়েশন অব পয়জন কন্ট্রোল সেন্টারসের তথ্য অনুযায়ী, সুনির্দিষ্টভাবে নকল গাঁজার ব্যাপারে তারা চলতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ হাজারের বেশি ফোনকল পেয়েছে। গত বছরের চেয়ে এই সংখ্যা অনেক বেশি।
মাদকবিরোধী একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নকল গাঁজায় তীব্র উদ্বেগ, কামনা, ভ্রম, আতঙ্ক, বিচ্ছিন্নতার অনুভূতি প্রভৃতি তৈরি হয়।
নকল গাঁজায় আসক্তির ক্ষমতা বেশি এবং তা প্রাণঘাতীও হতে পারে। এর মাত্রা তীব্র।
যুক্তরাষ্ট্রে মোড়ের দোকান, গ্যাস স্টেশন, বিড়ি-সিগারেটের দোকানে তলে তলে এই গাঁজা বিক্রি হয়। এ ছাড়া অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে চলে রমরমা কেনাকাটা।
মিশিগান ইউনিভার্সিটির ২০১২ সালের এক জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় জনপ্রিয় নেশা কৃত্রিম গাঁজা।
ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবইউজের জ্যেষ্ঠ তদারক মেরিলিন হুয়েসটিস বলেন, ‘এটা একটা ভয়ংকর সমস্যা।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, এই গাঁজা তারা ধরতেও পারছে না। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা যাচ্ছে না। এটা তাদের জন্য একটা বড় দুশ্চিন্তার বিষয়।