যুক্তরাষ্ট্রে ছয় পুলিশ গুলিবিদ্ধ, নিহত ১
যুক্তরাষ্ট্রে এক রাতেই পুলিশের ছয় সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন নিহত এবং অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে দেশটির ফ্লোরিডা ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন জায়গায় এসব ঘটনা ঘটে।
ফ্লোরিডা পুলিশ বলেছে, কিসিমি শহরের একটি এলাকায় রাত সাড়ে নয়টার দিকে পুলিশের দুই সদস্য সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছিলেন। কিছু সময়ের মধ্যেই কর্তৃপক্ষ খবর পায়, ওই দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। এখানকার পুলিশপ্রধান জেফ ও’ডেল গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ওই ঘটনায় পুলিশ কর্মকর্তা ম্যাথিউ ব্যাক্সটার নিহত হন। সার্জেন্ট স্যাম হোয়ার্ড গুরুতর আহত হন। সিএনএন জানায়, সংবাদ সম্মেলনে ও’ডেল বলেন, গুলির ঘটনায় পুলিশ তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। সেই সঙ্গে আরও এক সন্দেহভাজনকে ধরতে পুলিশের অভিযান চলছে।
ফ্লোরিডার আরেক শহর জ্যাকসনভিলে শুক্রবার রাতেই আরেক ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। ডিরেক্টর মাইক ব্রুনো এক সংবাদ সম্মেলনে বলেন, ওই শহরে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করছেন, এমন খবরের ভিত্তিতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সন্দেহভাজন এক ব্যক্তি এ সময় উচ্চক্ষমতার রাইফেল দিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে এক পুলিশ সদস্য দুই হাতে এবং অপর পুলিশ সদস্য পাকস্থলীতে গুলিবিদ্ধ হন।
পেনসিলভানিয়া পুলিশ বলেছে, পিটসবার্গ থেকে ৯৭ কিলোমিটার দক্ষিণে একটি জায়গায় শুক্রবার রাতে গুলির ঘটনাটি ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন।