যুক্তরাষ্ট্রে জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের ‘জাতীয় শোক দিবস’ ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়েছে। গত ৩১ আগস্ট রাতে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরালের সামনে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক রাশেদ চৌধুরীর আশ্রয় বাতিল এবং বাংলাদেশে ফিরিয়ে মৃত্যুদণ্ড কার্যকরে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা করা হয়।
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যারিনেস রেইস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা আবদুর রহিম।
উদ্যাপন কমিটির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে ও কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম ও হৃদয়ে বাংলাদেশের সাধারণ সম্পাদক পল্লব সরকারের যৌথ পরিচালনায় মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তির এই আয়োজনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, আবু লেইস চৌধুরী, মমিনুল ইসলাম, ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী জামাল আহমেদ, মিয়া মো. দাউদ, নুরে আলম, সালেহ চৌধুরী, আবদুর রহমান, মঈজুর লস্করসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ ‘জাতীয় শোক দিবস’ ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসে গত ১ আগস্ট মাসব্যাপী কর্মসূচি শুরু করে। গত ৩১ আগস্ট মাসব্যাপী এ কর্মসূচি শেষ হয়।
এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বাংলা টাউন সুপার মার্কেট, আল আকসা রেস্টুরেন্ট, পার্টি হল ও গ্রোসারি, মক্কা-মদিনা সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট, খলিল বিরিয়ানি অ্যান্ড হালাল চায়নিজ, নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চায়নিজ, ডা. শাহ আলম, লুত্ফর করীম, আক্তার হোসেন, মোহাম্মদ এন মজুমদার, প্রিমিয়াম সুইটস অ্যান্ড গ্রোসারি, ইত্যাদি বাজার ও হালাল ফুড মার্কেট, স্পাইস আপ রেস্টুরেন্ট, প্যাকসান রেস্টুরেন্ট, পসরা গ্রোসারি, হালাল হট ফ্রাই চিকেন, ফাল্গুনী ফুড অ্যান্ড ক্যাটারিং, দেশি বাজার, এশিয়ান ড্রাইভিং স্কুল, মামুন’স টিউটোরিয়াল, মার্কস হোম কেয়ার-আলমাস আলী।