যুক্তরাষ্ট্রে জেল পলাতক দ্বিতীয় অপরাধী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে কারাগার থেকে পালিয়ে যাওয়া দ্বিতীয় অপরাধী ডেভিড সুয়েটকে গত রোববার গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক জেল-পলাতক অপরাধী রিচার্ড ম্যাট গত শুক্রবার নিউইয়র্কের উপশহর মেলোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হন।
৬ জুন নিউইয়র্কের দানেমোরা কারাগার থেকে পালিয়ে যান একাধিক খুনের দায়ে দণ্ডিত অপরাধী রিচার্ড ও ডেভিড। নিশ্ছিদ্র নিরাপত্তার ওই কারাগার থেকে এটিই ছিল কয়েদিদের পালানোর প্রথম ঘটনা।
সার্বক্ষণিক পাহারায় থাকা ওই কারাগারের সেল থেকে রিচার্ড ও ডেভিডের পালিয়ে যাওয়ার কৌশল ছিল বেশ চৌকস। ঘটনার পর ব্যাপক তল্লাশি শুরু হয়। পরে কানাডা সীমান্তের কাছাকাছি গুলিবিদ্ধ হয়ে ধরা পড়েন ডেভিড। গ্রেপ্তারের পর তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁর অবস্থা স্থিতিশীল।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কোমো বলেছেন, ডেভিড ধরা পড়ার মধ্য দিয়ে ভীতিকর অবস্থার অবসান ঘটেছে। ঘন বনজঙ্গলে ঘেরা মেলোনের অধিবাসীদেরও স্বস্তি ফিরে এসেছে।
রিচার্ড ও ডেভিডের পালিয়ে যাওয়ার দুদিন পরই কারাগারের নারী কর্মী জয়েস মিচেলকে পুলিশ গ্রেপ্তার করে। পলাতক দুজনের সঙ্গে জয়েসের কারাভ্যন্তরে অন্তরঙ্গ সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। জয়েসের মাধ্যমেই তারা খননযন্ত্র এবং ধাতব কাটার যন্ত্র সংগ্রহ করেছিল।