যুক্তরাষ্ট্রে জেল-পলাতক দ্বিতীয় অপরাধী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালিয়ে যাওয়া দ্বিতীয় অপরাধী ডেভিড সুয়েটকে গতকাল রোববার গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক জেল-পলাতক অপরাধী রিচার্ড ম্যাট গত শুক্রবার নিউইয়র্কের উপশহর মেলোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়।

৬ জুন নিউইয়র্কের দানেমোরা কারাগার থেকে পালিয়ে যায় একাধিক খুনের দায়ে দণ্ডিত অপরাধী রিচার্ড ও ডেভিড। নিশ্ছিদ্র নিরাপত্তার ওই কারাগার থেকে কয়েদি পালানোর প্রথম ঘটনা ছিল এটি। সার্বক্ষণিক পাহারায় থাকা ওই কারাগারের সেল থেকে রিচার্ড ও ডেভিডের পালিয়ে যাওয়ার কৌশল ছিল বেশ চৌকস। ঘটনার পর ব্যাপক যৌথ তল্লাশি শুরু হয়।

কানাডা সীমা‌ন্তের কাছাকাছি গুলিবিদ্ধ হয়ে পুলিশের কাছে ধরা পড়েন ডেভিড। গ্রেপ্তারের পর তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁর অবস্থা স্থিতিশীল।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কোমো এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডেভিড ধরা পড়ার মধ্য দিয়ে ভীতিকর অবস্থার অবসান ঘটেছে।

শুধু তা-ই নয়, ঘন বন-জঙ্গল ঘেরা মেলোনের অধিবাসীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।