যুক্তরাষ্ট্রে ঝড়ে ১৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেক্সাসের ইমোরিতে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবিটি ৩০ এপ্রিল তোলা। ছবি: রয়টার্স
টেক্সাসের ইমোরিতে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবিটি ৩০ এপ্রিল তোলা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ও মধ্য-পশ্চিমাঞ্চলে গতকাল রোববারের ভয়াবহ ঝড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার এএফপির খবরে এ তথ্য জানানো হয়। পূর্বাঞ্চলে আজ প্রচণ্ড বাতাস ও বিক্ষিপ্ত টর্নেডো আঘাত হেনেছে।

ঝড়ের কারণে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি উল্টে গেছে। গাছ উপড়ে পড়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেক্সাসে অন্তত চারটি টর্নেডো আঘাত হেনেছে।

টেক্সাসের ক্যানটন শহরের মেয়র লও অ্যান ইভেরেত গতকাল সাংবাদিকদের জানান, সেখানে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে চার।

টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে ব্যস্ত বাড়ির লোকজন। ছবিটি গতকাল রোববার টেক্সাসের ইমোরি থেকে তোলা।
টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে ব্যস্ত বাড়ির লোকজন। ছবিটি গতকাল রোববার টেক্সাসের ইমোরি থেকে তোলা।

আরকানসাস জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র এএফপিকে বলেন, বৈরী আবহাওয়ার ধকলে এই অঙ্গরাজ্যে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে একটি শিশু রয়েছে। বন্যার পানিতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিজৌরিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সেখানে দুজন নিহত হয়েছে। সিএনএনের তথ্য অনুযায়ী নিহত দুজনের মধ্য একজন ৭২ বছর বয়সী নারী। তিনি তাঁর গাড়িতে আটকা পড়েছিলেন। গাড়িটি বন্যার পানিতে ভেসে যায়।

ক্যানটনে টর্নেডোর আঘাতে একটি চেয়ার উড়ে গিয়ে গাছে বিঁধেছে।
ক্যানটনে টর্নেডোর আঘাতে একটি চেয়ার উড়ে গিয়ে গাছে বিঁধেছে।

অন্যদিকে, টেনেসে অঙ্গরাজ্যে প্রচণ্ড বাতাসে ধাতব সসার বলের আঘাতে দুই বছরের এক শিশু নিহত হয়।