যুক্তরাষ্ট্রে টিকা দিচ্ছে সংক্রমণও বাড়ছে

* একদিনে সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড।

* মডার্নার টিকার অনুমোদন দেওয়া হচ্ছে দ্রুত।

* জনবহুল অঙ্গরাজ্যগুলোর পরিস্থিতি বেশি খারাপ হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা দেওয়া শুরু হয়েছে ১৪ ডিসেম্বর থেকে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার পর এই টিকার প্রয়োগ শুরু হয়। মডার্নার তৈরি আরেকটি টিকার অনুরূপ অনুমোদনের বিষয়টি বিবেচনায় রয়েছে। গতকাল বৃহস্পতিবারই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। করোনা মহামারি মোকাবিলায় এই টিকাকেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু তারপরও করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে শঙ্কা কেবলই বাড়ছে।

করোনা মহামারি শুরুর পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে দিনটি গেছে ১৬ ডিসেম্বর। নতুন সংক্রমণ শনাক্ত, হাসপাতালে ভর্তি ও মৃত্যু সব বিচারেই এদিন রেকর্ড হয়েছে। কোভিড ট্র্যাকিং প্রোজেক্টের তথ্যমতে, এই দিন যুক্তরাষ্ট্রে ২ লাখ ৪৭ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে, যা একটি রেকর্ড। কোভিড-১৯ রোগ নিয়ে হাসপাতালে রেকর্ডসংখ্যক ১ লাখ ১৩ হাজার মানুষ ভর্তি হয়েছেন। রেকর্ড হয়েছে এক দিনে মৃত্যুর সংখ্যার দিক থেকেও। এদিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মারা গেছে ৩ হাজার ৬০০ জন। পরিস্থিতি বিবেচনায় এফডিএ কর্তৃপক্ষ মডার্নার টিকার অনুমোদন ফাইজারের চেয়েও দ্রুত করতে চান।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েক শ স্বাস্থ্যকর্মী ফাইজারের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। তিন সপ্তাহের মধ্যে তাঁদের আরেকটি ডোজ নিতে হবে। বিভিন্ন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে এই টিকা পেতে উদ্‌গ্রীব হয়ে আছে। এদিকে কিছু অপ্রত্যাশিত সমস্যাও দেখা দিয়েছে। কয়েকজন ফার্মাসিস্টের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, ফাইজারের টিকার ভায়ালগুলোতে পাঁচ ডোজ করে থাকার কথা থাকলেও কোনো কোনোটিতে এমনকি ছয় বা সাত ডোজ করে রয়েছে। ফলে টিকা দেওয়ার পর এসব ভায়ালে কিছু টিকা অবশিষ্ট থেকে যাচ্ছে। এই সমস্যা দূর করা গেলে আরও বেশি মানুষের কাছে টিকা পৌঁছানো সম্ভব হবে।

এই সমস্যাকে আমলে নিয়ে এফডিএ ফাইজারকে সমস্যাটি সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আহ্বান জানিয়েছে, অবশিষ্ট অংশ যতটাই থাকুক, একটি পূর্ণাঙ্গ ডোজ না হলে সেটা যেন ব্যবহার করা না হয়। একাধিক ভায়াল থেকে নিয়ে এক ডোজ টিকা তৈরির চেষ্টা যেন করা না হয়।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ১৬ ডিসেম্বর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য ফাইজার প্রথম চালানে ২৯ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে। তিন সপ্তাহ পর আরও ২৯ লাখ ডোজ টিকা সরবরাহ করা হবে। দ্বিতীয় এই চালানটি প্রথমবার টিকা গ্রহণকারী ব্যক্তিদের কাছেই যাবে। কারণ, এই টিকা তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ নিতে হবে।

এদিকে এফডিএ ও সিডিসির কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন এখন সময়ের ব্যাপার। এটা নিঃসন্দেহে ভীষণ আশার খবর। কিন্তু এই আশাও এখন আর শঙ্কাকে জয় করতে পারছে না। কারণ, যুক্তরাষ্ট্রে করোনা মহামারি এখন আগের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।

হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্যাঞ্চলে ভাইরাসের বিস্তার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও জনবহুল এলাকাগুলোয় এটি ভয়াবহভাবে বিস্তার করছে। যুক্তরাষ্ট্রের উত্তর, মধ্য-পশ্চিম ও পার্বত্য অঞ্চলগুলোয় করোনা সংক্রমণ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। কিন্তু জনবহুল অঙ্গরাজ্যগুলোর পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এসব জনবহুল অঙ্গরাজ্যেই যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৮২ শতাংশের বাস।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আসন্ন বড় দিনের ছুটি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবার প্রতি আহ্বান জানিয়েছেন, এই ছুটিতে সবাই যেন ঘরে থাকে। অন্যবারের মতো বেড়াতে যেন না যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশে এ ধরনের নির্দেশনা বাস্তবায়ন করাটা দুরূহ। এটা কিছুদিন আগে থ্যাংকসগিভিং ডের ছুটির সময়ই বোঝা গেছে। সে সময় অনেক বারণ সত্ত্বেও বহু মার্কিন ছুটিতে বাড়ি গেছেন বা বেড়াতে গেছেন। এই সুযোগে করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে পড়ে, যার ফল এখন দৃশ্যমান।

তারপরও সাধারণ মার্কিনদের অনেকেই অনেকটা অবুঝের মতো আচরণ করছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি অনেক আগেই সতর্ক করেছেন—স্বাস্থ্য নির্দেশনা না মানলে আগামী দুই-তিন মাস দুঃস্বপ্নের মতো যাবে। তিনি বারবার বলেছেন, টিকা একটা স্বস্তির কারণ হতে পারে। কিন্তু এর ওপর নির্ভর করলে চলবে না। টিকার প্রয়োগ শুরু মানেই স্বাস্থ্য সতর্কতায় ছাড় নয়।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব ও মধ্য পশ্চিম অঞ্চলের অঙ্গরাজ্যগুলোর গভর্নরেরা নাগরিকদের প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে দ্বিগুণ সতর্ক থাকার ও ছুটির সময়ের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। সম্মিলিত ওই ভিডিও বার্তায় গভর্নরেরা বলেন, ‘যদি ছুটির সময়ে ভ্রমণ বা অন্য কোনোভাবে জড়ো হওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে আপনাদের কাছে তা পুনর্বিবেচনার অনুরোধ থাকল আমাদের। শুধু একটি সংক্রমণের মাধ্যমেই পুরো একটি কমিউনিটি আক্রান্ত হতে পারে। এতে আমাদের হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়তে পারে, যা আপনাকে ও আপনার প্রিয়জনকে ভয়াবহ ঝুঁকিতে ফেলবে।’

এদিকে আরেক সমস্যা হিসেবে দেখা দিয়েছে টিকার প্রতি বহু মানুষের অনীহা। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে টিকা সম্পর্কিত সচেতনতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার মতো ব্যক্তি প্রকাশ্যে করোনা টিকা নেওয়ার ঘোষণা আগেই দিয়েছেন। এই তালিকায় আরও আরও নাম যুক্ত হচ্ছে শুধু মানুষকে এই টিকা সম্পর্কে সচেতন করতে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি একটা অংশকে উদ্বুদ্ধ করলেও টিকা গ্রহণে অনীহ জনগোষ্ঠীকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হলে প্রশাসনের দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সচেতনতা কার্যক্রম চালাতে হবে।

একই সঙ্গে করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে সর্বশেষ ১৬ ডিসেম্বর এফডিএ ঘরে বসে করোনা পরীক্ষার জন্য ‘অ্যাবটস বিনাক্সনাউ কোভিড-১৯ এজি কার্ড হোম টেস্ট’ নামের কিটকে জরুরি অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের নাক থেকে নমুনা সংগ্রহ করা যাবে ঘরে বসেই। মূল লক্ষ্য আরও বেশিসংখ্যক মানুষকে করোনা পরীক্ষার আওতায় নিয়ে আসা।