যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাচনী সমাবেশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ট্রাম্প সমর্থকদের সংঘর্ষ হয়েছে। দক্ষিণের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকারকি শহরে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
নিউ মেক্সিকোতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেও ট্রাম্পের জয়যাত্রা থেমে নেই। সর্বশেষ গত মঙ্গলবার ওয়াশিংটন রাজ্যের প্রাইমারিতে বিপুল বিজয় পেয়েছেন বিতর্কিত এই রিপাবলিকান প্রার্থী।
ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা ‘ট্রাম্প ফ্যাসিস্ট’, ‘আমরা অনেক কথা শুনেছি’ এমন লেখাসংবলিত ব্যানার বহন করেন। বিক্ষোভকারীরা একপর্যায়ে ট্রাম্পের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে হিস্পানিক জনগোষ্ঠীর আকার বেশ বড়। ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির কারণে হিস্পানিকরা তাঁর ওপর চরম ক্ষুব্ধ।
ওয়াশিংটনের প্রাইমারিতে ৭৬ শতাংশ ভোট পান ট্রাম্প। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং জন কেইসিক দুজনই ১০ শতাংশ করে ভোট পান। বেন কার্সন পান ৪ শতাংশ ভোট।