যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, অন্তত ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। শহরটির কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
কর্মকর্তারা জানান, ওয়াশিংটন ও নিউইয়র্কের মধ্যে চলাচলকারী ট্রেনটি দেশজুড়ে চলা যাত্রীবাহী রেল কোম্পানি অ্যামট্র্যাকের। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ফিলাডেলফিয়া শহরের প্রধান স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পরই ট্রেনটির ১০টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার সময় এতে ২৪০ জনের বেশি যাত্রী ছিল।
জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত হওয়া বগিগুলোর ভেতরে আরও লোকজন আটকা পড়ে আছে কি না, তা খতিয়ে দেখেন।
ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে, তা পরিষ্কার নয়। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দল কাজ করছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার জানান, এ ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা একটা ভয়াবহ দৃশ্য। জীবনে আমি এমন দৃশ্য দেখিনি। আমরা ট্রেনটির পুরো দৈর্ঘ্য বরাবর হেঁটেছি। এর ইঞ্জিনটা বাকি অংশ থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
মেয়র নাটার জানান, ট্রেনটিতে ২৪৩ জন আরোহী ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তাদের মধ্যে কেউ কেউ নিখোঁজ ছিল। আর জরুরি বিভাগের একজন কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে উদ্ধার করে ৫০ জনের বেশি যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।