যুক্তরাষ্ট্রে তুষার ঝড়, জনজীবন বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আজ শুক্রবার ভয়াবহ তুষার ঝড় শুরু হয়েছে। এতে সেখানকার লাখ লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন। ইতিমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে, সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সরকারি অফিসগুলোও দিনের অর্ধেক সময় পর বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া গণপরিবহনগুলোও সাপ্তাহিক ছুটির দিন রোববার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য জানানো হয়। 

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবারের মাঝামাঝি সময় থেকে আগামীকাল শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও এর আশপাশের এলাকায় দুই ফুটেরও বেশি (প্রায় ৬১ সেন্টিমিটার) তুষার জমতে পারে।
ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় ধরনের তুষার ঝড় হতে পারে ওয়াশিংটনে। সেখানকার মেয়র মুরিয়েল বাওসার এক বার্তায় স্থানীয়দের নিজ নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সবাইকে একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিতে চাই যে সামনে বড় ধরনের তুষার ঝড় হতে পারে। এটা অনেকটা জীবন-মরণ সমস্যা। আর এই দুর্যোগ প্রত্যাশিত সময়ের আগেই আঘাত হেনেছে।’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, আরও বড় ধরনের তুষার ঝড় আসছে যা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। এটা মানুষের জীবন ও সম্পদের ওপর হুমকি হয়ে দাঁড়াবে।