যুক্তরাষ্ট্রে দারিদ্রে্যর হার কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাজুক সামাজিক অর্থনৈতিক বাস্তবতায় উদার সরকারি নাগরিক সহযোগিতার সুফল স্পষ্ট হতে শুরু করেছে। চলতি বছরে যুক্তরাষ্ট্রে দারিদ্র্যের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে।

২৮ জুলাই নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এখন দারিদ্র্যের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

২০১৮ সালের তুলনায় যুক্তরাষ্ট্রে দরিদ্র লোকজনের সংখ্যা দুই কোটির নিচে নেমে আসবে। সাম্প্রতিক ইতিহাসে যুক্তরাষ্ট্রে এত দ্রুত দারিদ্র্যের হার কমিয়ে আনা কখনো সম্ভব হয়নি বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। দারিদ্র্য দূরীকরণের এমন অস্বাভাবিক ফলাফলের জন্য সরকারকে নিতে হয়েছে নানা পদক্ষেপ।

অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, সরকারের তিনটি পদক্ষেপের কারণে দারিদ্র্য থেকে জনগোষ্ঠীর এমন নাটকীয় উত্থান ঘটছে। পদক্ষেপ তিনটি হচ্ছে—কয়েক দফা দেওয়া নগদ নাগরিক প্রণোদনা, বর্ধিত ফুড স্ট্যাম্প বা সরকারি খাদ্য সহযোগিতা এবং বর্ধিত সময়ের জন্য কর্মজীবীদের বেকার ভাতা প্রদান। সরকারকে অবশ্য এর প্রতিটি কর্মসূচির জন্য কমপক্ষে এক ট্রিলিয়ন ডলারের বেশি বর্ধিত ব্যয় করতে হয়েছে।

দারিদ্র্যের হার বিপুলভাবে কমে যাওয়ার ইতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়বে মার্কিন শিশুদের ওপর। শিশুদের বিষয়টি লক্ষ্য করে বিশেষ নাগরিক প্রণোদনা দেওয়ায় যুক্তরাষ্ট্রে দারিদ্র্য অবস্থায় থাকা শিশুদের জীবনমানের নাটকীয় উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গসহ সব রাজ্যের সব জনগোষ্ঠীর মধ্যেই দারিদ্র্য পরিস্থিতির নাটকীয় উন্নতি ঘটছে বলে তথ্য বিশ্লেষণে দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সর্বশেষ প্রণোদনা আইনে শিশুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। করোনা মহামারির কারণে ফেডারেল নাগরিক প্রণোদনার অর্থ থেকে শিশু আছে এমন পরিবারকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রতি শিশুর জন্য ৩০০ ডলারের এ প্রণোদনা পরিবারগুলোর জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের জনগোষ্ঠীর জন্য এ প্রণোদনা, শিশু আছে এমন পরিবারের জন্য মাসিক একটি নিশ্চিত আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। ডেমোক্রেটিক দল শিশুদের জন্য সরকারি এ সাহায্য স্থায়ীভাবে চালু রাখার পক্ষে।

সংকটকে সম্ভাবনার কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের দারিদ্র্য বিমোচনে সরকারি এ প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন উদারনৈতিক অর্থনীতিবিদরা। উদারনৈতিক থিংক ট্যাংক বুকিং ইনস্টিটিউটের বব গ্রিনস্টেইন বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান সময়টি আশ্চর্যজনকভাবে ইতিবাচক হয়ে উঠেছে। মহামারির শুরু থেকেই তা মোকাবিলায় গৃহীত পদক্ষেপের কারণেই এমনটি হয়েছে। এর ফলও দ্রুত আসতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের রক্ষণশীলরা অবশ্য বর্তমান অবস্থার সমালোচনা করছেন। তাঁদের বক্তব্য, শিশুদের জন্য দেওয়া ভাতা এবং বর্ধিত সময়ের জন্য বেকার ভাতা দেওয়ার ফলে মানুষের মধ্যে কর্মস্পৃহা কমে যাবে। দীর্ঘ মেয়াদে এর বিরূপ প্রভাবের কথা তাঁরা স্মরণ করিয়ে দিচ্ছেন।

হেরিটেজ ফাউন্ডেশনের রবার্ট রেক্টর বলেছেন, সরকারি ট্রিলিয়ন ডলারের অর্থ জনগণের কাছে দিয়ে দিলে দারিদ্র্যের হার কমারই কথা। কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে নিজের দরিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াটি এর কারণে বিনষ্ট হবে বলে তিনি মনে করেন। মহামারির আগেই যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের হার কমে আসছিল বলে তিনি উল্লেখ করেন।

রবার্ট রেক্টর বলেন, দারিদ্র্য দূর করার জন্য অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং কাজের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির পথ সাবলীল না করতে পারলে দারিদ্র্য দূরীকরণ টেকসই হতে পারে না।