যুক্তরাষ্ট্রে ধন্যবাদ দিবসের যত মজা

সবচেয়ে বড় হচ্ছে আকর্ষণ টার্কির ডিশ। পরিবারের আপনজনেরা তো বটেই, থাকেন দাওয়াত করা অতিথিরা। সবাই মিলে গালপল্পে চলে টার্কির স্বাদ নেওয়া। যুক্তরাষ্ট্রে প্রিয়জনদের নিয়ে এভাবে মজা করে উদযাপন করা হয় থ্যাংকস গিভিং ডে বা ধন্যবাদ দিবস। একই সঙ্গে কেনাকাটা আর সাজসজ্জারও ধুম পড়ে যায়।
প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ধন্যবাদ দিবস উদযাপন করা হয়। এতে ভূরিভোজের আয়োজন থাকবেই। খাদ্যতালিকায় সেরা পদ হিসেবে থাকবে টার্কি। এদিন ঘটা করে মোরগের মতো এই প্রাণীটিকে নানা মসলা দিয়ে রান্না করা হয়। মসলা দিয়ে সেদ্ধ করা টার্কি ধন্যবাদ দিবসের খুবই জনপ্রিয় খাবার। স্বজনের সঙ্গে নৈশভোজে টার্কি খাওয়া এই দিবসের ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে।
রক্ষণশীল পরিবারগুলোতে নৈশভোজের আগে এখনো প্রার্থনা করা হয়। একবার প্রার্থনা পরিচালনার ভার পড়েছে ১০ বছরের বালিকা কেটির ওপর। সেদিন ঘটে এক মজার ঘটনা। ডিনার টেবিলে গোল হয়ে বসেছেন স্বজনেরা। পানীয় ও খাবার প্রস্তুত। রান্না করা বিশাল আকারের টার্কি খাবার টেবিলে শোভা পাচ্ছে। ‘হে ইশ্বর’ বলে কেটি হাত ওপরে তুলল। অন্যরাও হাত উঠিয়েছেন। টার্কি রান্না করতে কত সময় লেগেছে, কতটা মসলা দিতে হয়েছে—এর বর্ণনা আগেই দিয়ে ফেলেছেন কেটির দিদিমা। তিনি প্রতিবছরই পরম উৎসাহ নিয়ে এটি বলে থাকেন।
কেটি হাত উঠিয়ে ঈশ্বরের কাছে বলে, ‘হে ঈশ্বর, তুমি মহান! তুমি মহান বলেই হে ঈশ্বর আমরা প্রতিদিন ভালো খাবার খেতে পারি। আমরা তোমার কাছে কৃতজ্ঞ হে মহান! ঈশ্বর, তুমি তো জানোই টার্কির চেয়ে মোরগ সুস্বাদু। তার পরও তোমার কৃপা বর্ণনাতীত, ঈশ্বর! তুমি আমার দাদুকে সুমতি দাও। দাদু বহু কষ্ট করে টার্কিকে সুস্বাদু করার চেষ্টা করেছেন। এখন খাবারের সময় এ টার্কি যেন গলায় আটকে না যায়, হে ঈশ্বর। তুমি আমাদের সহায় হও প্রভু, আমেন।’
টার্কি খেতে বসে কীভাবে এটিকে সুস্বাদু করা যাবে, তা নিয়ে আলোচনা চলে। একবার রবার্ট নামের এক ব্যক্তি প্রতিবেশীর আমন্ত্রণে টার্কি ভোজে বসেছেন। খেতে বসে টার্কি রান্নার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রবার্ট বলেন, পরের বছর যেন টার্কি রান্নার আগে তাঁকে ডাকা হয়।
২০০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে ধন্যবাদ দিবস। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির এই দিনে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকে।
দূর-দূরান্ত থেকে লোকজন আসে আত্মীয়ের বাসায়। পরদিন শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত। ওই দিন মৌসুমের কেনাকাটার উৎসব শুরু হয়। রাতভর দোকানপাট খুলে বিরাট মূল্যছাড়ের আয়োজন করা হয়। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যের দিনটি হলো এই স্ন্যাক ফ্রাইডে। অর্ধেক দামে জিনিস কিনতে লোকজন হুমড়ি খেয়ে পড়ে। কোনো কোনো দোকানে সীমিত পণ্যের মজুত দেখিয়ে বিরাট মূল্যছাড়ের বিজ্ঞাপন দেওয়া হয়। শীত, বৃষ্টি উপেক্ষা করে লোকজন দাঁড়িয়ে থাকে জিনিস কিনতে। যুক্তরাষ্ট্র অভিবাসনের দেশ। তাই সব ধর্ম, বর্ণ, জাতি মিলে আনন্দ নিয়ে দিবসটি পালন করে। কোনো রাজনীতি বা ধর্মের আবহ না থাকায় ধন্যবাদ দিবস যুক্তরাষ্ট্রের এক সর্বজনীন সামাজিক-সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রে ধর্ম প্রচারে আসা পুণ্যার্থীদের প্রথম দিকে অনেক বাধাবিপত্তি পার হতে হয়েছে। স্থানীয় লোকজন একপর্যায়ে বসতি স্থাপনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। ১৬২১ সালে ধর্ম প্রচারকেরা প্রথমবারের মতো স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানাতে ধন্যবাদ দিবস শুরু করেন। ১৭৮৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হয়। কংগ্রেসের সুপারিশ অনুযায়ী প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থ্যাংকস গিভিং ডে-কে রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেন। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সময় দিবসটি জাতীয় ছুটির দিন হিসেবে স্বীকৃতি পায়।