যুক্তরাষ্ট্রে ধুমসে চলছে তুষার সরানোর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটনে ক্যাপিটল হিলে তুষারের স্তূপ সরানোর কাজ চলছে। ছবি: রয়টার্স
ওয়াশিংটনে ক্যাপিটল হিলে তুষারের স্তূপ সরানোর কাজ চলছে। ছবি: রয়টার্স

তুষারঝড়ের ধাক্কা সামলে উঠছে যুক্তরাষ্ট্রের ঝঞ্ঝাকবলিত এলাকার মানুষ। ঝোড়ো বাতাস আর ঝিরিঝিরি তুষারপাত থেমে গেছে। আকাশে ঝলমলে রোদের হাসি। চারদিকে ধবল তুষারের স্তূপ। ছেলেবুড়ো সবাই নেমেছে তুষারের এই জঞ্জাল পরিষ্কারের কাজে।

গত শুক্রবার থেকে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্র। ১১টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। সবচেয়ে বেশি খারাপ অবস্থা ছিল নিউইয়র্কে।

গতকাল রোববারও আশঙ্কা ছিল, তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের সব লন্ডভন্ড হয়ে যাবে। তবে সুখের কথা, তুষারঝড় স্লোজিলা দুর্বল হয়ে সরে গেছে আটলান্টিক মহাসাগরের দিকে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের জীবন স্বাভাবিক হয়ে উঠছে। হাজার হাজার নিউইয়র্কবাসী পার্কে নেমে খেলছে, বরফের ওপর স্কি করছে। তুষারের বল নিয়ে খেলছে।

এই খেলায় মেতেছেন কানাডার চলচ্চিত্রনির্মাতা জেসিকা এডওয়ার্ড। সঙ্গে তাঁর ছোট্ট মেয়ে হাজেল। তিনি বলেন, মেয়েকে নিয়ে দারুণ মজা আর আনন্দে মেতেছেন তিনি।

নিউইয়র্কে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে রাস্তায় বরফ থাকায় বাসিন্দাদের ধীর গতিতে গাড়ি চালাতে বলা হয়েছে। নিউইয়র্কের পরিস্থিতি স্বাভাবিক হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি ওয়াশিংটন ডিসি। সেখানে স্কুল, কলেজ এখনো বন্ধ। শহরের মেয়র ও প্রশাসনিক কর্মকর্তা বরফ সরানোর কাজে সহায়তা করার আহ্বান জানিয়েছেন সবাইকে।

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে এএফপির খবরে জানা গেছে। তাদের মধ্যে বেশির ভাগই গাড়ি দুর্ঘটনায়, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় ও বেলচা দিয়ে বরফ পরিষ্কারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

তুষারের রাজ্যে চলছে খেলা। ছবি: রয়টার্স
তুষারের রাজ্যে চলছে খেলা। ছবি: রয়টার্স

নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, ১৮৬৯ সালের পর নিউইয়র্কে এটিই দ্বিতীয় ভয়াবহ তুষারঝড়।

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্যে তিন ফুটের বেশি বরফ জমেছে। তুষারঝড়ের কবলে পড়ে সাড়ে আট কোটি মানুষ। তিন লাখ মানুষ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটায়। গ্লেনগারি, পশ্চিম ভার্জিনিয়ায় ৪২ ইঞ্চির বেশি বরফ জমে। ওয়াশিংটন ডিসিতে মেট্রো ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় বিমানের ওঠানামাও।

নিউজার্সিতে বেলচা হাতে তুষার সরাচ্ছেন একজন। ছবি: রয়টার্স
নিউজার্সিতে বেলচা হাতে তুষার সরাচ্ছেন একজন। ছবি: রয়টার্স