যুক্তরাষ্ট্রে নতুন রোগীর ৭৩% অমিক্রনে সংক্রমিত
দ্রুত বিস্তার লাভ করা অমিক্রন এখন যুক্তরাষ্ট্রে করোনার আধিপত্যশীল ধরন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়।
আগামী বছর করোনা মহামারি যাতে শেষ হয়, তা নিশ্চিত করার জন্য আরও বেশি প্রচেষ্টার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, গত শনিবার শেষ হওয়া সপ্তাহে দেশটিতে নতুন শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৭৩ দশমিক ২ শতাংশই অমিক্রন ধরনে সংক্রমিত।
সিডিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল, যেমন প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিমের কিছু অংশে নতুন শনাক্ত করোনা রোগীদের ৯০ শতাংশের বেশি অমিক্রন ধরনে সংক্রমিত।
যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অমিক্রনে সংক্রমিত রোগী শনাক্তের হার ঊর্ধ্বমুখী। করোনার এ ধরনের কারণে কোথাও কোথাও রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হচ্ছেন। এ অবস্থায় কিছু দেশ আবার কঠোর বিধিনিষেধ জারি করতে বাধ্য হচ্ছে।
যুক্তরাজ্যে অমিক্রনের উচ্চ সংক্রমণ হার দেখা যাচ্ছে। দেশটিতে এ ধরনে সংক্রমিত রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হচ্ছেন। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১২ জন অমিক্রনের সংক্রমণে মারা গেছেন। দেশটিতে এ ধরনের নতুন ঢেউ আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অমিক্রনে সংক্রমিত হয়ে প্রথম কারও মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এবিসি নিউজ জানায়, দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর। তিনি টিকা নেননি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেনের নেই।
যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে বাইডেনের আজ ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রাথমিক তথ্যপ্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার অমিক্রন ধরন অধিক সংক্রামক হতে পারে। অমিক্রনের বিরুদ্ধে বিদ্যমান টিকার কার্যকারিতা কম হতে পারে।
গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রন শনাক্ত হয়। এরপর তা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৯০টি দেশে করোনার অমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
অমিক্রন ধরনের সংক্রমণ রোধে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব-আয়োজন বাতিল করার আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচওর মহাসচিব তেদরোস আধানোম গেব্রেয়াসুস।