যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সফর নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। কংগ্রেসের আমন্ত্রণে আগামী মার্চ মাসে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। হোয়াইট হাউসকে পাশ কাটিয়ে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না।

কংগ্রেসে রিপাবলিকান স্পিকার জন বয়েনার ও সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেলের আমন্ত্রণে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। হোয়াইট হাউসকে পাশ কাটিয়ে তাঁকে কংগ্রেসে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে শুরু থেকে এ ব্যাপারে ডেমোক্রেটিক পার্টি এবং হোয়াইট হাউস থেকে শীতল প্রতিক্রিয়া জানানো হচ্ছিল। জানা গেছে, ইরানের ওপর বর্ধিত মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তা নিয়ে নেতানিয়াহু কংগ্রেসে বক্তব্য দেবেন।

প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার রাতে স্টেট অব ইউনিয়নে এক বক্তব্যে ইরান প্রশ্নে নমনীয় হতে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। ইরানের ওপর নতুন করে কোনো অবরোধ প্রস্তাব করা হলে তিনি ভেটো দেবেন বলে জানান। ওবামা ইরানের পারমাণবিক শক্তি অর্জন নিয়ে চলমান আলোচনাকে জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন। এক সপ্তাহ আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ওয়াশিংটনে দেওয়া এক বক্তব্যে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি একই আহ্বান জানান।

ইসরায়েলে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থা অনেকটা নড়বড়ে বলে মনে করা হচ্ছে। জনমত জরিপে বিরোধী লেবার পার্টি ক্ষমতাসীন লিকুদ পার্টি থেকে এগিয়ে রয়েছে। নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে নেতানিয়াহু নিজ দেশে রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পর্কের টানাপোড়েন নিয়ে আগেও অনেক কথা শোনা গেছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়, নেতানিয়াহু ওয়াশিংটন গেলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কোনো বৈঠক হবে না। হোয়াইট হাউসের মুখপাত্র বারনেডেট মিহান বলেন, দীর্ঘ দিনের প্রথা অনুযায়ী কোনো দেশে নির্বাচনের ঠিক আগে আগে রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত কোনো বৈঠক করেন না। সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, স্পিকার জন বয়েনার এ সময়ে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়ে ঠিক কাজ করেননি। তিনি বলেন, নির্বাচনের আগে নিজ দেশে ইসরায়েলের প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবস্থানকে চাঙা করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় কংগ্রেসে নেতানিয়াহু বক্তব্য দিলে ইরানের সঙ্গে চলমান সংকটের সমাধানে জটিলতা বাড়বে।