যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি বাড়াতে লড়বেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘সাধারণ আমেরিকানদের’ মজুরি বৃদ্ধির জন্য লড়াই করবেন হিলারি ক্লিনটন। এ বিষয়টিকেই নিজের অর্থনৈতিক এজেন্ডার কেন্দ্রে রাখবেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এই মনোনয়নপ্রত্যাশী। খবর রয়টার্সের।
হিলারির নির্বাচনী প্রচার শিবিরের খবর অনুযায়ী, গতকাল সোমবার এ বিষয়ে ভাষণ দেওয়ার কথা ছিল। হোয়াইট হাউসে আসীন হওয়ার প্রচেষ্টার ক্ষেত্রে এটাই তাঁর নীতিসংক্রান্ত প্রথম বড় ভাষণ। ভাষণে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি যুক্তি দেবেন, বড় কর্মকর্তাদের বেতনের পাশাপাশি মধ্যম শ্রেণির কর্মীদের বেতন অব্যাহতভাবে বাড়ানোর বিষয়টিই চলতি সময়ের চূড়ান্ত অর্থনৈতিক চ্যালেঞ্জ।
ন্যূনতম বেতন বৃদ্ধির বিষয়ে হিলারির দৃষ্টিভঙ্গির বিস্তারিত জানতে চান ডেমোক্র্যাটরা। তাঁদের দাবি মেটাতে তিনি আসন্ন সপ্তাহগুলোতে কয়েকটি ভাষণ দেবেন। এর মাধ্যমে নিজের অবস্থান সুস্পষ্ট করবেন হিলারি। অর্থনৈতিক লক্ষ্য তুলে ধরার মাধ্যমে যেসব ইস্যু (যেমন, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে দাপ্তরিক ই-মেইল ঠিকানা না ব্যবহার করে ব্যক্তিগত ই-মেইল ঠিকানা ব্যবহার নিয়ে বিতর্ক) হিলারির জনপ্রিয়তায় ভাটার টান ধরিয়েছে, তা চাপা দেওয়া যাবে বলে মনে করছে তাঁর শিবির।
ডেমোক্রেটিক নীতিনির্ধারক বিল ক্যারিক বলেন, ‘আমি মনে করি, বাস্তব অভিজ্ঞতা তাঁর (হিলারির) নির্বাচনী প্রচারে বন্ধু হিসেবে কাজ করবে। কারণ, ব্যাপক অভিজ্ঞতার কারণে একজন দক্ষ ব্যক্তি হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। চিন্তাশীল ও সৃজনশীল প্রস্তাবগুলো তাঁকে সাহায্য করছে।’
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে এখন পর্যন্ত হিলারিই এগিয়ে। কিন্তু ভারমন্ট অঙ্গরাজ্যের সিনেটর বার্নি স্যান্ডার্স আইওয়াতে একটি নির্বাচনী প্রচার অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম ঘটাতে সক্ষম হয়েছেন। প্রতিপক্ষরা যেমন কঠোর আর্থিক নিয়ন্ত্রণের কথা বলেছেন, হিলারিও এখন সেই পথে হাঁটবেন কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে সবাই।
সাবেক এই ফার্স্ট লেডি তাঁর ভাষণে বলবেন, প্রযুক্তি একদিকে যেমন নতুন নতুন ব্যবসার সুযোগ তৈরি করে দিয়েছে, তেমনি এটা মধ্যম শ্রেণির চাকরি, সুযোগ-সুবিধা ও সুরক্ষাগুলোকে হুমকিতেও ফেলেছে।