যুক্তরাষ্ট্রে পলাতক দুই অপরাধীর একজন গুলিতে নিহত
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই অপরাধীর একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার নিউইয়র্কের উপশহর মেলোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জেল পালানো রিচার্ড ম্যাটের মৃত্যু হয়। একই সঙ্গে অপর পলাতক আসামি ডেভিড সুয়েটকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি অভিযান চলছে। কানাডা সীমান্তের কাছাকাছি ঘন বন-জঙ্গল ঘেরা মেলোন এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে ফেলেছে।
৬ জুন নিউইয়র্কের দানেমোরা কারাগার থেকে নাটকীয়ভাবে পালিয়ে যায় একাধিক খুনের দায়ে দণ্ডিত অপরাধী রিচার্ড ও ডেভিড। রহস্য উপন্যাসের মতো শোনালেও নিশ্ছিদ্র নিরাপত্তার এ কারাগার থেকে কয়েদি পালানোর কোনো ঘটনা এর আগে ঘটেনি। সার্বক্ষণিক পাহারায় থাকা কারা সেল থেকে রিচার্ড ও ডেভিডের পালিয়ে যাওয়ার কৌশলও ছিল চৌকস।
নৈশ টহলে কারা সেলের বাইরে থেকে তাদের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে দেখা যায়। চাদরের নিচে পরিধেয় কাপড়ের বান্ডিল ছিল। রাতে টহলে থাকা কারারক্ষীর দৃষ্টিতে এ বিভ্রান্তি ধরা পড়েনি। ৬ জুন ভোররাতে যখন নজরে আসে রিচার্ড ও ডেভিড কারা সেলে নেই, ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। সেল থেকে সুড়ঙ্গ করে সুয়ারেজ লাইন দিয়ে তাঁদের পালিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। কারা প্রাচীর থেকে প্রায় হাজার ফুট দূরে ম্যানহোলের সুড়ঙ্গ সংযোগ দিয়ে তাঁরা পালিয়ে যান। যাওয়ার আগে দুই অপরাধী ‘হ্যাভ এ নাইস ডে’ লেখা বার্তা রেখে যায়।
রিচার্ড ও ডেভিডের পালিয়ে যাওয়ার দুই দিন পরই কারাগারের নারী কর্মী জয়েস মিচেলকে পুলিশ গ্রেপ্তার করে। পলাতক দুজনের সঙ্গে মিচেলের ভালো সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। মিচেলের মাধ্যমেই তারা খননযন্ত্র এবং ধাতব কাটার যন্ত্র সংগ্রহ করেছিল।
ঘটনার পর থেকে ব্যাপক যৌথ তল্লাশি শুরু হয়। রীতিমতো যুদ্ধাবস্থার সৃষ্টি হয় দানেমারো এলাকায়। গত শুক্রবার সেখান থেকে প্রায় ৪০ মাইল দূরে রিচার্ডের সন্ধান পাওয়া যায়। ঘন বন-জঙ্গল ঘেরা মেলোন শৌখিন শিকারিদের প্রিয় এলাকা। স্বল্প বসতির এ জনপদে হঠাৎই এক শৌখিন শিকারির গাড়িতে জঙ্গল থেকে বন্দুকের গুলি লাগে। তিনি পুলিশকে ফোন দিলে দ্রুত অভিযান শুরু হয় জঙ্গল ঘিরে। গভীর জঙ্গলে শিকারিদের জন্য নির্মিত অস্থায়ী স্থাপনায় লুকিয়ে থাকা রিচার্ডকে ঘেরাও করে ফেলে যৌথ বাহিনী। রিচার্ড গুলি করে শিকারির গাড়িটি দখলে নিতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। হাত ওপরে উঠানোর নির্দেশ অমান্য করলে অভিযানে অংশ নেওয়া সদস্যদের উপর্যুপরি গুলিতে ঘটনাস্থলেই রিচার্ডের মৃত্যু হয়।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কোমো দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গতকাল রাতে সংবাদ সম্মেলন করে তিনি তল্লাশি অভিযানের সময় গুলিতে রিচার্ডের মৃত্যুর কথা জানান। পালিয়ে যাওয়া অপর পলাতক ডেভিড আশপাশেই আছে বলে ধারণা করা হচ্ছে। তাই গভীর ওই জঙ্গলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।