যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে গত বুধবার শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে মনসুর বল-বে (১৮) নামের এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হলে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রে পুলিশের একের পর এক বর্ণবাদী আচরণ নিয়ে বড় বড় বিক্ষোভের মধ্যেই এ ঘটনা ঘটল। বুধবারের ঘটনাটি যে শহরে ঘটেছে, তার কাছেই অবস্থিত ফার্গুসন শহর। গত বছরের ৯ আগস্ট এই শহরেই শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন। ওই ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের ঝড় তুলেছিল।
সেন্ট লুইস পুলিশের কর্মকর্তাদের ভাষ্যমতে, দুই পুলিশ সদস্য বুধবার সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য একটি বাসা তল্লাশি করতে যান। এ সময় মনসুর ও তাঁর এক সহযোগী ওই বাড়ির পেছনের দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁদের থামতে বললে একজন পুলিশের দিকে অস্ত্র তাঁক করে গুলি করতে উদ্যত হয়। তখন পুলিশ গুলি ছুড়লে মনসুর নিহত হন। আরেকজন পালিয়ে গেছেন।
ঘটনার পরপরই কাছের একটি রাস্তায় লোক জড়ো হয়ে বিক্ষোভ করে। সন্ধ্যায় আবারও রাস্তা অবরোধ করে সেখানে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশ গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের ইটপাটকেল ও পানির বোতল নিক্ষেপ করতে দেখা যায়। পাশাপাশি বিক্ষোভকারীরা বেশ কিছু খালি বাসা এবং গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও দাবি করেছে পুলিশ।