যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে গৃহহীন ব্যক্তির মৃত্যু
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস নগরে পুলিশের গুলিতে এক গৃহহীন ব্যক্তি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলেছে, এক পুলিশ সদস্যের কাছ থেকে ওই ব্যক্তি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে আরও তিন পুলিশ তাঁকে গুলি করেন। খবর বিবিসির।
লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলের স্কিড রো এলাকায় এ ঘটনা ঘটে। স্কিড রোতে গৃহহীন অনেক মানুষ বাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ওই ব্যক্তি ‘আফ্রিকা’ নামে পরিচিত ছিলেন। কিছুদিন আগে মানসিকভাবে অসুস্থ হওয়ার পর থেকে তিনি পথেই থাকতেন।
নগরের পুলিশ বিভাগ জানিয়েছে, দস্যুতার খবর পেয়ে পুলিশের তিন সদস্য সেখানে অভিযান চালান। তাঁরা বৈদ্যুতিক শক দেওয়ার অস্ত্র দিয়ে সন্দেহভাজনকে কাবু করার চেষ্টা করেন। তখন ওই ব্যক্তির সঙ্গে তাঁদের বেশ ধ্বস্তাধস্তি হয়। লস অ্যাঞ্জেলেসের পুলিশ কমান্ডার অ্যান্ড্রু স্মিথ বলেন, ঘটনাস্থল থেকে অন্য কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি।
গত বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পুলিশের হাতে কয়েকজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।