যুক্তরাষ্ট্রে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে অরেগন অঙ্গরাজ্যে পুলিশের সঙ্গে সরকারবিরোধী একটি সশস্ত্র গ্রুপের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গ্রুপটির পাঁচ সদস্যকে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে। খবর এএফপির।
গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে সশস্ত্র গ্রুপটির নেতা আমন বান্ডিও রয়েছেন। একটি পশুপ্রজনন খামারের মালিক বান্ডি ২ জানুয়ারি অরেগনের গ্রামীণ এলাকার বন্য প্রাণীর একটি অভয়াশ্রম বেশ কিছুদিন জবরদখল করে রেখে আলোচনায় আসেন।
এফবিআইয়ের বিবৃতিতে বলা হয়, ২ জানুয়ারির ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে এফবিআই ও অরেগন অঙ্গরাজ্য পুলিশের এক যৌথ অভিযানের সময় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, সশস্ত্র গ্রুপটির সদস্যরা দুটি গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে তাঁদের থামানো হলে বন্দুকযুদ্ধ শুরু হয়। সিএনএনের খবরে বলা হয়, দুজন বাদে আমন বান্ডির ৪৩ বছর বয়সী ভাই রায়ান বান্ডিসহ সবাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এর মধ্যে রায়ান গুরুতর আহত হয়েছেন।