উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তরে করা এক আপিল আবেদনে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার যুক্তরাজ্যের উচ্চ আদালতের রায় অ্যাসাঞ্জের বিপক্ষে গেছে। এর মধ্য দিয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে তাঁর প্রত্যর্পণের সম্ভাবনা প্রবল হলো।
আদালতের রায় কার্যকর হলে শিগগিরই অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে। তবে এ রায় নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারবেন অ্যাসাঞ্জ। ইতিমধ্যে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলেছেন অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিস।
যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দেশটিতে প্রচলিত গুপ্তচরবৃত্তির আইনে করা মামলার আসামি।
গত জানুয়ারিতে যুক্তরাজ্যের একটি নিম্ন আদালত এক দশক আগে গোপন মার্কিন সামরিক নথি প্রকাশের জন্য অ্যাসাঞ্জকে প্রত্যর্পণে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেন। তখন আদালত বলেন, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে না। তাঁর মানসিক স্বাস্থ্য পরিস্থিতি তাঁকে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে।
তবে মার্কিন সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্যকে বলা হয়, যদি তারা অ্যাসাঞ্জকে হস্তান্তরে সম্মত হয়, তবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা তাঁর জন্মভূমি অস্ট্রেলিয়ায় যেকোনো মার্কিন কারাগারে সাজা ভোগ করতে পারবেন। এ ছাড়া তাঁকে কলোরাডোর উচ্চ নিরাপত্তাবিশিষ্ট এডিএক্স কারাগারে রাখা হবে না। এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন অ্যাসাঞ্জের আইনজীবীরা।
যুক্তরাজ্যের নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে পরে উচ্চ আদালতে আপিল করে যুক্তরাষ্ট্র। এরপর উচ্চ আদালতের বিচারক টিমোথি হলরয়েড বলেন, আদালত আপিলের অনুমোদন দিচ্ছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জকে প্রত্যর্পণের জন্য যে শর্ত ও প্যাকেজের নিশ্চয়তা দিচ্ছে, তাতে তিনি সন্তুষ্ট।
অবশ্য উচ্চ আদালতের এ রায়ের পরও অ্যাসাঞ্জকে এখনই যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হচ্ছে না। এ আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিস বলেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন। তিনি বলেন, যে দেশ অ্যাসাঞ্জকে হত্যা করতে চেয়েছিল, সেখানে অ্যাসাঞ্জকে প্রত্যর্পণ করতে চাওয়াটা কতটা যৌক্তিক?
অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক সামারস এর আগে বলেছিলেন, মার্কিন প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অ্যাসাঞ্জের প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আগ্রহ রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, সিআইএ লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে অপহরণ করার ও তাঁকে বিষ দেওয়ার পূর্বপরিকল্পনা করেছিল বলে জানা যায়।
উচ্চ আদালতের রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না অ্যাসাঞ্জ। তিনি আড়াই বছর ধরে লন্ডনের বেলমার্স কারাগারে রয়েছেন।