যুক্তরাষ্ট্রে প্রবাসীদের ঈদ উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দের পাশাপাশি ঈদের জামাতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি শিশুরাও। ছবি: ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক
বড়দের পাশাপাশি ঈদের জামাতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি শিশুরাও। ছবি: ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ নানা অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা প্রবাসীরা আজ সোমবার ঈদের আনন্দে মেতেছে। অনুষ্ঠিত হয়েছে ঈদের বড় বড় জামাত। প্রতিটি জামাতে উচ্চারিত হয়েছে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি ও সহমর্মিতা।

যুদ্ধের বিরুদ্ধে, নিরপরাধ নারী ও শিশু হত্যার বিপক্ষে শান্তিপ্রিয় জনতার আকুতি ধ্বনিত হয়েছে বিশেষ প্রার্থনায়। ঈদের আমেজে যুক্তরাষ্ট্রের বাংলাদেশিবহুল এলাকাগুলোতে অনেকটাই স্বদেশের আমেজ। নতুন দেশীয় জামা-কাপড় পরে প্রবাসীরা ঈদের আনন্দে যোগ দিচ্ছে। ভিনদেশি লোকজনও দেখছে, ঈদ উপলক্ষে বাংলাদেশিদের ধর্মীয় ও সামাজিক উত্সবের মিশ্র আনন্দ আয়োজন। ঈদ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে এখন গ্রীষ্মকাল। স্কুল-কলেজে চলছে দীর্ঘ ছুটি। ফলে পরিবার নিয়ে বসবাসরত প্রবাসীদের মধ্যে ঈদ আনন্দ আয়োজনে কোনো ঘাটতি নেই। বাংলাদেশিদের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জামাইকা মুসলিম সেন্টার-সংলগ্ন স্কুলের খোলা মাঠে। এ ছাড়া ব্রুকলিন, ম্যানহাটনের মদিনা মসজিদ, এস্টোরিয়া, ওজনপার্ক, ব্রংকস, নিউজার্সির পেটার্সন ও আটলান্টিক সিটিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জ্যাকসন হাইটসে প্রবাসীদের আড্ডা স্বদেশের ঈদ আড্ডার চেয়ে কোনো অংশেই কম না। ঈদ উপলক্ষে অনেকেই দেশে গেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিবার নিয়ে প্রবাসীদের দেশে যাওয়ার হার কমেছে। দেশের নানা নেতিবাচক ঘটনা এর প্রধান কারণ বলে মনে করেন প্রবাসী আনসার উদ্দিন।

বরং স্বজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগের জন্য এখন বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। ৮২ বছর বয়সী আবদুর রহমান চৌধুরী জীবনে প্রথমবারের মতো ঈদ করছেন প্রবাসে। তিনি জানালেন, দেশের মাটিতে ঈদের আনন্দ অনুভূতিটাই আলাদা। তবে প্রবাসী মেয়ে, নাতি-নাতনি নিয়ে এবারের ঈদটি তাঁর কাছে ভিন্ন আমেজের বলে জানালেন।

নিউজার্সির পেটার্সনে বসবাসরত শিরীন বেগম জানালেন, ২০ বছর ধরে প্রবাসেই ঈদ করছেন। দেশের মতো রান্না করেন প্রতিটি ঈদে। সেমাই, ফিরনি, পাটি সাপটার সঙ্গে ভিন দেশি খাবারও থাকে ঈদের আতিথিয়তার জন্য।

নিউজার্সিতে বসবাসরত প্রবাসী সৈয়দ সাহজলী জানালেন, ঈদে কাজ থেকে ছুটি নেওয়া সম্ভব হয়নি। কর্ম সংস্কৃতির এ দেশে উত্সব আনন্দের জন্য কাজ থেমে থাকে না। সাড়ে সাতটায় ঈদের জামাত শেষে কাজে ছুটতে হয়েছে তাঁকে।

ঈদের জামাত শেষে নিজের হলুদ ট্যাক্সি নিয়ে কাজে নেমে পড়েছেন প্রবাসী বাবু রহমান। জানালেন, একা থাকেন। দীর্ঘ সময় চেষ্টা করেও ফোনের সংযোগ পাননি দেশে। মনটা ভারী হলেও ঈদের শুভেচ্ছা জানালেন।

প্রযুক্তিবিদ অনিক রহমান নিউইয়র্কে প্রথমবারের মতো ঈদ করছেন স্ত্রী-সন্তান নিয়ে। জানালেন, ছুটি নিয়েছেন এক দিনের জন্য। দেশে থাকা বাবা-মার জন্য মন খারাপের কথাও জানালেন তিনি।

নিউইয়র্কে একাকী ঈদ করছেন চট্টগ্রামের ফারজানা লুসি। ১২ বছর ধরে দেশের বাইরে ঈদ করছেন। তিনি জানালেন, প্রতিটি ঈদেই দেশে থাকা বাবা-মা, ভাইকে মনে করে মনটা খারাপ হয়।

গত বছর মাকে হারিয়েছেন বদরুল হক। তিনি বললেন, ঈদের দিনটিতে মাকে মনে পড়ছে তীব্রভাবে। জামাত পড়েই ছুটেছেন মায়ের কবর জিয়ারতে। নিউজার্সির লরেল গ্রোব কবরস্থানে দেখা গেল, ঈদ পালন করা প্রবাসীদের ভিড়। ঈদের আনন্দের মধ্যেও ছুটে গেছেন স্বজনের কবরের পাশে। দুই হাত উঠিয়ে মোনাজাত করছেন স্বজনের জন্য, দেশের জন্য।