যুক্তরাষ্ট্রে ফুড স্টাম্প সুবিধা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য সহায়তার অর্থ আগের চেয়ে বাড়াচ্ছে ফেডারেল সরকার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা কর্মসূচির (ফুড স্ট্যাম্প নামে পরিচিত) সুবিধা বাড়ছে। শিগগির ফুড স্ট্যাম্পের (খাদ্য সহায়তা) গ্রহীতারা এই বর্ধিত সুবিধা পাবেন।

সম্প্রতি খাদ্যসামগ্রীর মূল্য ব্যাপক হারে বৃদ্ধির কারণে ফুড স্ট্যাম্প বেনিফিট বাড়ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে যারা ফুড স্ট্যাম্প সুবিধা নেন, তাঁদের মাসিক ফুড স্ট্যাম্পের অর্থ ৫ দশমিক ৩ ভাগ বৃদ্ধি পাচ্ছে। বর্ধিত এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে ৮ অক্টোবর থেকে কার্যকর হবে বলে মার্কিন কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনগণের বার্ষিক জীবনযাত্রার ব্যয় চলতি বছর ব্যাপক হারে বেড়েছে। গত ২০ বছরে যেখানে এই বৃদ্ধির হার ছিল গড়ে দুই শতাংশ, এ বছর সেই হার দ্বিগুণের বেশি হয়ে গেছে।

করোনা মহামারিকালে মানুষের গ্রোসারি পণ্য কেনাকাটা বেড়েছে। এ কারণে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও গ্রোসারি পণ্যের মূল্য চড়া হয়ে গেছে। বাজারে প্রকৃতপক্ষে খাদ্যসামগ্রীর স্বল্পতা নেই। তবে সরবরাহে বাধার কারণে খাদ্যঘাটতির সৃষ্টি ও মূল্য বৃদ্ধি ঘটে।

কংগ্রেসের ডেমোক্রেটিক সদস্য ও ভোক্তাদের আইনজীবীরা কয়েক মাস ধরে ফুড স্ট্যাম্পের সর্বোচ্চ বেনিফিট ১৫ শতাংশ বৃদ্ধির চাপ দিয়ে আসছিলেন। কিন্তু ফুড স্ট্যাম্প সুবিধা বাড়ানোর এ প্রস্তাব কোনো করোনা রিলিফ প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি।

পরে আইনপ্রণেতারা খাদ্য ও পুষ্টির ভিন্ন কর্মসূচির আওতায় ফুড স্ট্যাম্প বৃদ্ধি অনুমোদন করেন। হঠাৎ জীবনযাত্রার এমন ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাধারণ একটি চার সদস্যের পরিবার যেখানে মাসে ৬৪৬ ডলার পেতেন, ফুড স্ট্যাম্প সুবিধা বাড়ার কারণে এখন পাবেন ৬৮০ ডলার।

দেশের সব অঙ্গরাজ্যই প্রতি পরিবারকে এই বেনিফিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাস থেকেই পরিপূরক পুষ্টি সহায়তা প্রোগ্রাম স্ন্যাপ-এর আওতায় ফুড স্ট্যাম্প গ্রহীতারা তাঁদের মাসিক বেনিফিট বর্ধিত আকারে হাতে পাবেন।