যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় স্বাস্থ্য খাতে ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দুকের সঙ্গে মার্কিনিদের সখ্যের বিষয়টি বেশ পুরোনো। তাই বন্দুক হামলার বিষয়টিও নৈমিত্তিক ব্যাপার এখানে। প্রতিদিনই কোনো না কোনো শহরে বন্দুক হামলার খবর পাওয়া যায়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও প্রতিনিয়ত বন্দুক হামলার সংখ্যা বেড়ে চলেছে।

হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স নামে একটি প্রতিষ্ঠানের জরিপমতে, প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০০ জন বন্দুক হামলায় মারা যাচ্ছে। আহত হচ্ছে গড়ে ১০০ জন। আরেকটি গবেষণার তথ্যমতে, পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ যুক্তরাষ্ট্রে বসবাস করে। কিন্তু ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে মোট আগ্নেয়াস্ত্রের প্রায় ৪৫ শতাংশই যুক্তরাষ্ট্রের।

বিশেষজ্ঞদের মতে, আগ্নেয়াস্ত্র এত সহজলভ্য হওয়ায় যুক্তরাষ্ট্রে বন্দুক ও সন্ত্রাসী হামলা বাড়ছে। শুধু আগ্নেয়াস্ত্রের কারণে যুক্তরাষ্ট্রে বছরে গড়ে প্রায় ৩৫ হাজার মানুষ মারা যায়। বন্দুক হামলায় আহতদের জীবন বাঁচাতে মার্কিন স্বাস্থ্যসেবা খাতে ব্যয়ও হচ্ছে অনেক।

২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের তথ্য পর্যবেক্ষণ করে দেখা গেছে, আহতদের চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে প্রায় ১৭ হাজার কোটি ডলার। শুধু তাদের অস্ত্রোপচার বাবদ ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার। আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে অবস্থানের সময়ও বেড়েছে। আগে গড়ে সাত দিন অবস্থান করতে হলেও এখন গড়ে থাকতে হয় ১৩ দিনে। বন্দুকের গুলিতে আহতদের অস্ত্রোপচারের সংখ্যা ২০ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজারে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিড গেফেন স্কুল অব মেডিসিনের চিকিৎসক বেনহারাশের মতে, বন্দুক হামলায় আহত হয়ে চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা কমাতে আগ্নেয়াস্ত্র বহন সম্পর্কিত বিধি আরও কঠোর করা প্রয়োজন। তিনি বলেন, ‘আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। তাই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত।’

পরিসংখ্যান বলছে, প্রতি বছর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যার সংখ্যা গড়ে প্রায় ২২ হাজার। আর বন্দুক হামলায় নিহতের সংখ্যা গড়ে প্রায় ১২ হাজার। গবেষণায় দেখা গেছে, শ্বেতাঙ্গদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। অন্যদিকে বন্দুক হামলায় শ্বেতাঙ্গদের চেয়ে ১০ শতাংশ বেশি কৃষ্ণাঙ্গ নিহত হয়।