যুক্তরাষ্ট্রে বন্দুকধারী গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রোজ শহরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলিতে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। আজ রোববার স্থানীয় সময় সকালের ওই ঘটনায় চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বন্দুকধারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হামলার ঘটনায় তদন্তে যুক্ত একজন কর্মকর্তা সিএনএনকে জানান, ব্যাটন রোজ শহরের এয়ারলাইন হাইওয়ে ধরে সন্দেহভাজন এক ব্যক্তি হাঁটছেন—এমন খবরে পুলিশ সেখানে যায়। তখনই ওই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পুলিশের সাত সদস্য গুলিবিদ্ধ হন। এতে তাঁদের মধ্যে তিনজন মারা যান। বাকি পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রে নিরস্ত্র দুই কৃষ্ণাঙ্গ মার্কিন নিহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ চলার সময় ডালাসে একজন কৃষ্ণাঙ্গ সাবেক সেনাসদস্যের চোরাগোপ্তা গুলিতে নিহত হন পুলিশের পাঁচ শ্বেতাঙ্গ সদস্য। আহত হন কয়েকজন। এসব ঘটনার রেশ পুরোপুরি না কাটতেই পুলিশের ওপর নতুন করে হামলা হলো।
এ মাসের শুরুর দিকে ব্যাটন রোজে পুলিশের গুলিতে অ্যাল্টন স্টারলিং নামের এক ব্যক্তি নিহত হওয়ার পর থেকেই পুলিশের ওপর হামলার বিশ্বাসযোগ্য হুমকি নিয়ে চিন্তিত ছিল পুলিশ।