যুক্তরাষ্ট্রে বিপণিবিতানে গুলিতে চার নারীসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে গত শুক্রবার একটি বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে চার নারীসহ  পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।  হামলার কারণ তাৎক্ষণিকভাবে না জানা গেলেও এটি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট নয় বলে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটন অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর সিয়াটল থেকে ৬৫ মাইল উত্তরে বার্লিংটনের কাসকেড বিপণিবিতানে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুলির এ ঘটনা ঘটে।  বন্দুকধারী ব্যক্তি ছাইরঙা পোশাক পরা এক হিস্পানিক পুরুষ। তিনি মেসি’জ ডিপার্টমেন্ট স্টোরে ওই হামলা চালান। তাঁর হাতে একটি রাইফেল ছিল।

ওয়াশিংটন স্টেট পেট্রলের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস বলেন, বিপণিবিতানে গুলির ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে চারজন নারী। আরও একজন করে পুরুষ ও নারী আহত। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। 

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়,  ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো লক্ষণ পাওয়া যায়নি। এটি সাধারণ আগ্নেয়াস্ত্র-সহিংসতা বলেই মনে হচ্ছে।