যুক্তরাষ্ট্রে ভারতীয় দম্পতিকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সান জোসেতে নিজ বাড়িতে নরেন প্রভু ও তাঁর স্ত্রীকে মির্জা তাতলিক (২৪) নামের এক যুবক হত্যা করেন বলে জানায় পুলিশ। মির্জা তাতলিক ওই দম্পতির মেয়ের সাবেক বন্ধু।

নরেন প্রভু সিলিকন ভ্যালির প্রযুক্তি নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে। তাঁদের ২০ বছর বয়সী ছেলে বিবিসিকে বলেন, তাঁর বোন তাঁদের সঙ্গে থাকেন না এবং ঘটনার সময়ও সান জোসেতে ছিলেন না।

পুলিশপ্রধান এডি গ্রাসিয়া বলেন, অভিযুক্ত যুবক নিহত দম্পতির মেয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে গত বছর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। ওই যুবকের বিরুদ্ধে এর আগেও এ ধরনের পারিবারিক নির্যাতন ও সম্পর্কের জেরে অপরাধের অভিযোগ রয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, সান ফ্রান্সিসকোতে ওই বাড়িতে উপস্থিত হয়ে তাঁরা দেখতে পান, এক যুবক বাড়িটির প্রধান দরজায় দাঁড়িয়ে, পাশেই এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। বাড়িটির ভেতরে ১৩ বছর বয়সী এক ছেলে ও মাকে আটকে রাখা হয়েছে।

এডি গ্রাসিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিশ কর্মকর্তারা সোয়াটের সাহায্য নেন। পরে ওই যুবক ১৩ বছর বয়সী ছেলেকে ছেড়ে দিলেও নিজে আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। এরপর পুলিশ সোয়াটসহ বাড়ির ভেতর ঢুকে অভিযুক্ত যুবক, নরেন প্রভু ও তাঁর স্ত্রীর লাশ পায়।