যুক্তরাষ্ট্রে মসজিদে হুমকি দিয়ে উড়োচিঠি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কয়েকটি মসজিদে হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে একটি সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলেই যুক্তরাষ্ট্র থেকে মুসলমানদের হটানো শুরু হবে। এ উড়োচিঠির পরিপ্রেক্ষিতে স্থানীয় মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, মসজিদে পাঠানো চিঠিগুলো ছিল সব একরকম। সেগুলো লস অ্যাঞ্জেলেসের উত্তরে সান্তা ক্লারিটার একটি ডাকঘর থেকে পাঠানো হয়েছে। হাতে লেখা একটি চিঠিই ফটোকপি করে কয়েকটি মসজিদে পাঠানো হয়। চিঠির নিচে লেখা ‘একটি মহৎ কাজের জন্য আমেরিকানরা’। এতে বলা হয়, ট্রাম্প ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্রকে ‘পরিচ্ছন্ন করার’ অভিযানে নামবেন।
সপ্তাহের শুরুতে লংবিচ ইসলামিক সেন্টার, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্ট ও উত্তর ক্যালিফোর্নিয়ার এভারগ্রিন ইসলামিক সেন্টারে চিঠিগুলো পাঠানো হয়।
স্যান হোসে পুলিশ বলেছে, এটিকে বিদ্বেষপ্রসূত ঘটনা হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।