যুক্তরাষ্ট্রে মা-বাবা থেকে বিচ্ছিন্ন শিশুদের পরিবারে ফেরাতে ডিএনএ টেস্ট

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশী মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা শিশুদের পরিবারে ফিরিয়ে দিতে ডিএনএ টেস্ট করা হবে। এমন তিন হাজার শিশুকে পরিবারে ফিরিয়ে দিতে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন কর্মকর্তাদের।
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার বলেন, আদালতের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই বিচ্ছিন্ন শিশুদের ফিরিয়ে দিতে ডিএনএ টেস্ট করা প্রয়োজন। মন্ত্রণালয় যে পদ্ধতিতে কাজটি করে থাকে, তা খুবই ধীরগতির। তিনি জানান, শিশুদের মধ্যে প্রায় ১০০ জনের বয়স পাঁচ বছরের নিচে।
মানবাধিকারকর্মীরা আশঙ্কা করছেন, ডিএনএ টেস্টের ডেটা সরকার অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। বিশ্লেষকদের মতে, এসব শিশু এতই ছোট যে তাদের হয়তো ডিএনএ টেস্টে রাজিই করানো যাবে না।
দেশটির আদালতের বেঁধে দেওয়া সময় অনুসারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৪ বছর ও এর নিচের শিশুদের ১০ জুলাই এবং ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ২৬ জুলাইয়ের মধ্যে পরিবারে ফিরিয়ে দিতে হবে।
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার জানান, মন্ত্রণালয়ের প্রচলিত পদ্ধতিতে জন্মসংক্রান্ত তথ্যের যেসব রেকর্ড রয়েছে, সেসব থেকে মা-বাবা ও সন্তানদের তথ্য মেলানো হয়। এ পদ্ধতিতে দীর্ঘ সময় লাগে। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজটি শেষ করতে হলে প্রচলিত পদ্ধতি মেনে চলা যাবে না। তিনি জানান, স্বাস্থ্য বিভাগের হেফাজতে ১১ হাজার ৮০০ শিশু রয়েছে। এর মধ্যে ৩ হাজার শিশু রয়েছে যাদের সীমান্তে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
এদের মধ্যে কোনো কোনো শিশুকে যুক্তরাষ্ট্র সীমান্ত অতিক্রম করার আগে বা পরে বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিবাসন ইস্যুতে মানবাধিকারকর্মীরা মনে করেন, ডিএনএ ডেটার অপব্যবহার হতে পারে। সরকার অভিবাসীদের ট্র্যাক করতে এসব তথ্য ব্যবহার করতে পারে।
অভিবাসনবিষয়ক পরামর্শক সংগঠন ‘রেইসেস’-এর কর্মী জেনিফার ফ্যালকন টুইট করেছেন এই বলে যে, ‘এতেই প্রমাণ হয়, বিচ্ছিন্ন শিশুদের পরিবারে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে প্রশাসনের সুস্পষ্ট কোনো ধারণা নেই।’

গত মে মাসে কাগজপত্রবিহীন অভিবাসীদের ব্যাপারে ট্রাম্প প্রশাসন ‘শূন্যসহনশীলতা’ নীতি গ্রহণ করে। এরপর হাজার হাজার শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে সরকারি বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়। ব্যাপক সমালোচনার মুখে গত জুনে এক নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প তাঁর অবস্থান থেকে সরে আসেন। ওই সময় সান দিয়েগোর আদালতও শিশুদের পরিবারবিচ্ছিন্ন না করতে সরকারকে নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবীরা আদালতকে বলেন, ট্রাম্প প্রশাসন শিশুদের পরিবারবিচ্ছিন্ন করবে না। তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা পরিবারের সঙ্গেই আটক থাকবে।
বিচ্ছিন্ন শিশুদের পরিবারে ফিরিয়ে দিতে দেশটিতে বিক্ষোভ-আন্দোলন চলছে। এই আন্দোলনের নাম কিপ ফ্যামিলিজ টুগেদার। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘#ফ্যামিলিসবিলংটুগেদার’ নামে পরিচিতি পেয়েছে। এই আন্দোলন নিয়ে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে।
