যুক্তরাষ্ট্রে মিশ্রবর্ণ বাড়ছে
যুক্তরাষ্ট্রে ১৯৭০ সালে প্রতি ১০০ শিশুর মধ্যে মাত্র একটি শিশুর পিতামাতা ছিল মিশ্রবর্ণের। কিন্তু ২০১৩ সালে ১০০ জনের মধ্যে ১০ জনের পিতামাতাই মিশ্রবর্ণের। শ্বেতাঙ্গ অধ্যুষিত দেশটিতে মিশ্রবর্ণের লোকদের সংখ্যা এভাবেই ক্রমশ বাড়ছে।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এক গবেষণা প্রতিবেদনে বলছে, ২০০০ থেকে ২০১০ সালে ১০ বছরে যুক্তরাষ্ট্রে মিশ্রবর্ণের লোকসংখ্যা তুলনামূলকভাবে দ্রুত বেড়েছে। এর কারণ হলো দেশটিতে মিশ্রবর্ণের বিয়ের হার বেড়েছে।
যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রায় অর্ধেক আদি আমেরিকান শ্বেতাঙ্গ। আমেরিকান ইন্ডিয়ানদের সঙ্গে কৃষ্ণাঙ্গদের বর্ণমিশ্রনের হার মাত্র ১২ শতাংশ। আবার শ্বেতাঙ্গদের মধ্যে রিপাবলিকানদের পাল্লা ভারী। অন্যদিকে মিশ্রবর্ণের লোকদের অধিকাংশ ডেমোক্র্যাটদের সমর্থক।
ওই গবেষণায় আরও জানানো হয়, ২০১২ সালে দেশটিতে জন্ম নেওয়া শিশুদের মধ্যে ৩৬ শতাংশই কৃষ্ণাঙ্গ-মিশ্রবর্ণ। একই বছরে জন্ম নেওয়া ২৮ শতাংশ শিশু এশিয়ান ও শ্বেতাঙ্গ মিশ্রবর্ণের অধিকারী।
সমাজ বিশ্লেষকেরা মনে করছেন, জনসংখ্যার এই পরিবর্তন মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের রাজনীতি, সমাজনীতির কৌশলপত্র সাজাতে হবে।