যুক্তরাষ্ট্রে শিশু-কিশোরদের জন্য মডার্নার টিকা অনুমোদনে বিলম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডার্নার টিকা
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে শিশু–কিশোরদের জন্য মডার্নার করোনার টিকা অনুমোদন বিলম্বিত হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন বায়োটেক ফার্ম মডার্না গতকাল রোববার জানায়, শিশু-কিশোরদের ক্ষেত্রে এই টিকার সম্ভাব্য ঝুঁকি মূল্যায়নে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা সময় নিচ্ছেন। এ কারণে টিকার অনুমোদন বিলম্বিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) গত শুক্রবার মডার্নাকে জানায়, টিকার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সাম্প্রতিক যেসব আন্তর্জাতিক বিশ্লেষণ সামনে এসেছে, সেগুলো মূল্যায়নের জন্য সংস্থার অতিরিক্ত সময় দরকার।

মডার্না এক বিবৃতিতে জানিয়েছে, ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ক্ষেত্রে এই টিকা দেওয়ার বিষয়টি সুপারিশ করা হবে কি না, তা মূল্যায়নে সংশ্লিষ্ট সংস্থার ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে।

মডার্না আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহের মধ্যে শিশু-কিশোরদের জন্য তাদের উৎপাদিত করোনার টিকা দেওয়া শুরু হতে পারে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন মডার্না ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফান ব্যানসেল।

গত জুনে ১২ থেকে ১৭ বছর শিশু-কিশোরদের জন্য মডার্নার তৈরি করোনার টিকার অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ সংস্থার কাছে আবেদন করে প্রতিষ্ঠানটি।