যুক্তরাষ্ট্রে সংগীত উত্সবে হতাহতের ঘটনায় তদন্ত শুরু
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাউস্টনে সংগীত উত্সবে হতাহত হওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় হত্যাকাণ্ড ও মাদক-সংশ্লিষ্ট বিভাগগুলো তদন্তে নামবে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হাউস্টনের পুলিশপ্রধান ট্রয় ফিনার। খবর বিবিসির।
স্থানীয় সময় গত শুক্রবার হাউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উত্সবে হুড়োহুড়িতে অন্তত আটজন নিহত হন। আহত হন আরও অনেকে। হতাহত ব্যক্তিদের বয়স ১৪ থেকে ২৭-এর মধ্যে। উৎসবে ৫০ হাজারের মতো দর্শক উপস্থিত ছিলেন।
উত্সবে উপস্থিত লোকজনকে সামলাতে ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তাকর্মীর ঘাড়ে ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশপ্রধান ট্রয় ফিনার বলেন, ওই নিরাপত্তাকর্মী এক ব্যক্তিকে আটকাতে যাচ্ছিলেন। এ সময় তিনি অনুভব করেন তাঁর ঘাড়ে কিছু ফুটিয়ে দেওয়া হয়েছে। পরে হাসপাতালে নিয়ে তাঁর চিকিত্সা করা হয়। এ সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। চিকিৎসাকর্মীরা তাঁর ঘাড়ের কাছে কিছু ফুটিয়ে দেওয়ার চিহ্ন শনাক্ত করেন। তাঁরা বলছেন, সেটি ইনজেকশন দেওয়ার চিহ্নের মতো।
শুক্রবারের ঘটনা তদন্তে ঘটনাস্থলে ধারণ করা ভিডিওগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন হাউস্টনের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান স্যামুয়েল পেনা। তিনি বলেন, কী কারণে লোকজন সেদিন পরিস্থিতি এড়াতে পারেনি, তা তদন্ত করে দেখা হবে।
এবারের অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উত্সবে জনপ্রিয় র্যাপার ট্রাভিস স্কট উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত লোকজন মঞ্চের সামনের দিকে যেতে ধাক্কাধাক্কি শুরু করে। এর জের ধরে আতঙ্ক ছড়িয়ের পড়ে। এ কারণে হুড়োহুড়িতে হতাহত হওয়ার ঘটনা ঘটে।
শুক্রবারের হতাহত হওয়ার ঘটনার পর এক বিবৃতিতে ট্রাভিস স্কট পুলিশ ও জরুরি সেবা–সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। পরে টুইটারে এক পোস্টে তিনি বলেন, ‘এ ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার প্রার্থনা রয়েছে।’
২০১৮ সাল থেকে প্রতিবছর অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উত্সব অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনা মহামারির জেরে গত বছর তা অনুষ্ঠিত হয়নি। এবারও হতাহত হওয়ার ঘটনার পর জনপ্রিয় এ উৎসবটি স্থগিত করা হয়েছে।