যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন রুশ গুপ্তচর গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার রাশিয়ার একজন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ৩৯ বছর বয়সী গুপ্তচর ইভজেনি বুরিয়াকভকে গ্রেপ্তারের পর ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা জানান। খবর এএফপির।
অভিযোগ রয়েছে, বুরিয়াকভ নিউইয়র্কে মস্কোর এসভিআর ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির হয়ে ২০১২ সাল থেকে রাশিয়ান একটি ব্যাংকে কাজ করছিলেন। এফবিআইয়ের তথ্যমতে, গুপ্তচর হিসেবে তাঁর কাজ ছিল সোর্স ঠিক করা এবং গোপন অর্থনৈতিক খবর সংগ্রহ। আদালতের একজন কৌঁসুলি জানান, বুরিয়াকভ রাশিয়ার অন্য দুই গুপ্তচর ইগর স্পরিশেভ (৪০) ও ভিকতর পদোবনিকে (২৭) সহায়তা করছিলেন।
এফবিআইয়ের তথ্যমতে, ২০১২ সালের প্রথম থেকে তিনজনই নজরদারির মধ্যে ছিলেন। ২০১৪ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে তাঁদের মধ্যে প্রায় এক ডজনের মতো বৈঠক হলে সন্দেহটা আরও বেড়ে যায়। মিটিংয়ের আহ্বান ও তথ্য আদান-প্রদানের জন্য এই তিনজন সংকেত ব্যবহার করতেন বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান।
যুক্তরাষ্ট্রে বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করা অনৈতিক ও দণ্ডনীয়। চরবৃত্তির বিষয়টি প্রমাণিত হলে বার্খভের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, যুক্তরাষ্ট্র গুপ্তচরদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চালিয়ে যাবে।