যুক্তরাষ্ট্রে সমকামীদের ক্লাবে হামলা, নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে সমকামীদের ক্লাবে বন্দুকধারীদের গুলিতে হতাহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে সমকামীদের ক্লাবে বন্দুকধারীদের গুলিতে হতাহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের ‘পালস ক্লাব’ নামে সমকামীদের একটি নাইট ক্লাবে হামলা চালিয়েছে অজ্ঞাত এক বন্দুকধারী। এ হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি ও বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।

এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রন হারপার সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ভাগ্যজনক হলো ক্লাবে হামলায় ২০ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪২ জন। তাঁদের স্থানীয় তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে এ হামলা হয়। হামলার তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে হত্যা করে। পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। তবে এটা স্থানীয় সন্ত্রাসীদের কাজ, নাকি আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা, তা নিশ্চিত হওয়া যায়নি।

জরুরি উদ্ধারকর্মীদের বেশ কয়েকটি গাড়ি ওই এলাকায় রয়েছে। সেখান থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শতাধিক মানুষ ওই ক্লাবে ফুর্তি করছিল। ওই ক্লাবটিকে অরল্যান্ডো শহরের সবচেয়ে জমজমাট সমকামী ক্লাব বলে পরিচিত।

রিকার্ডো নেগ্রোন আলমোদোভার নামের এক ব্যক্তি বিবিসিকে বলেন, বন্দুকধারী ওই হামলাকারী স্থানীয় সময় রাত দুইটার সময় গুলি চালাতে শুরু করে। তখন অনেকে মেঝেতে শুয়ে পড়েন। তবে কে গুলি করছিল, তা স্পষ্ট দেখা যাচ্ছিল না।

পুলিশ টুইটারে অরল্যান্ডোর বাসিন্দাদের প্রতি আক্রান্ত এলাকা থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে।

হামলার বিষয়ে সাংবাদিকদের জানাচ্ছেন অরল্যান্ডোর পুলিশ প্রধান জন মিনা। ছবি: রয়টার্স
হামলার বিষয়ে সাংবাদিকদের জানাচ্ছেন অরল্যান্ডোর পুলিশ প্রধান জন মিনা। ছবি: রয়টার্স