যুক্তরাষ্ট্রে সাবেক স্ত্রীসহ ছয়জনকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ইরাক যুদ্ধফেরত এক ব্যক্তি গুলি চালিয়ে তাঁর সাবেক স্ত্রী, শাশুড়ি, শ্যালিকাসহ ছয়জনকে হত্যা করেছেন। তাঁর গুলিতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
গত সোমবার পৃথক তিনটি স্থানে ওই হামলাগুলো চালান ব্র্যাডলি উইলিয়াম স্টোন (৩৫) নামের ওই সাবেক সেনা। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। খবর রয়টার্স ও বিবিসির।
মন্টগোমারি কাউন্টি পুলিশের ভাষ্যমতে, স্টোন ইরাকে মার্কিন বাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করতে গিয়েছিলেন। সোমবার তিনি তাঁর সাবেক স্ত্রী নিকোল স্টোন, শাশুড়ি, স্ত্রীর নানি, শ্যালিকা, শ্যালিকার স্বামী ও তাঁদের ১৪ বছরের মেয়েকে গুলি করে হত্যা করেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্টোন প্রথমে হামলা চালান সাউদারটনে তাঁর সাবেক শ্যালিকার বাসায়। সেখানে শ্যালিকা প্যাট্রিসিয়া ফ্লিক, তাঁর স্বামী অ্যারন ফ্লিক এবং তাঁদের ১৪ বছরের মেয়ে নিনাকে হত্যা করেন।
এরপর ব্র্যাডলি হানা দেন ল্যান্সডেল এলাকায় তাঁর সাবেক শাশুড়ির বাসায়। সেখানে শাশুড়ি জোয়ান হিল ও তাঁর মা প্যাট্রিসিয়া হিলকে হত্যা করেন।
তৃতীয় দফায় হার্লিসভিলের বাসায় হামলা চালিয়ে সাবেক স্ত্রী নিকোল স্টোনকে হত্যা করেন ব্র্যাডলি।
ধারণা করা হচ্ছে, সন্তানদের হেফাজতে নেওয়া নিয়ে বিরোধের জের ধরে ব্র্যাডলি এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। এ ছাড়া তিনি যুদ্ধ থেকে ফেরার পর স্নায়বিক বৈকল্যে ভুগছেন।
অস্ত্র নির্মাতার বিরুদ্ধে মামলা: কানেটিকাট অঙ্গরাজ্যে ২০১২ সালে স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে গুলিতে ২০ শিক্ষার্থীসহ ২৬ নিহত হওয়ার ঘটনায় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী নয়টি পরিবারের পক্ষ থেকে বুশমাস্টার ফায়ার আর্মস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে সোমবার এ মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়, এ ধরনের ভারী অস্ত্র জনসাধারণের কাছে বিক্রি করা উচিত নয়।