যুক্তরাষ্ট্রে সিনেমা হলে গুলি, হামলাকারীসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি সিনেমা হলে গত বৃহস্পতিবার এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত নয়জন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরে হামলাকারী আত্মহত্যা করেন। খবর এএফপির।
২০১২ সালে কলোরাডো অঙ্গরাজ্যের অরোরায় একটি সিনেমা হলে নির্বিচার গুলিতে ১২ জন নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পর লুইজিয়ানায় সিনেমা হলে হামলার ঘটনা ঘটল।
লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল প্রতিক্রিয়ায় বলেছেন, ‘যে মানুষগুলো বিনোদিত হওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছেন, তাঁদের ওপর এমন উন্মত্ত হামলার পক্ষে কোনো ধরনের যুক্তিই থাকতে পারে না।’
হামলার সময় সিনেমা হলটিতে প্রায় ১০০ দর্শক ছিলেন। এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ওই ঘটনা ঘটে। হামলাকারী ৫৮ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ পুরুষ। প্রায় আধা ঘণ্টা ধরে তিনি এলোপাতাড়ি গুলি চালান। পরে নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন। ঘটনার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
লাফায়েট শহরের পুলিশ প্রধান জিম ক্রাফট বলেন, খবর পেয়ে একদল পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়।