যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের মনোনয়ন নিয়ে রাজনীতি এখন তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোনীত বিচারপতি ব্রেট ক্যাভানোর সঙ্গে করমর্দন করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ৯ জুলাই। ছবি: রয়টার্স
মনোনীত বিচারপতি ব্রেট ক্যাভানোর সঙ্গে করমর্দন করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ৯ জুলাই। ছবি: রয়টার্স

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অবশেষে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে রক্ষণশীল হিসেবে পরিচিত ৫৩ বছর বয়স্ক ব্রেট কাভানাকে মনোনয়ন দিয়েছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসে রিপাবলিকান-সমর্থকদের উপস্থিতিতে ট্রাম্প এই ঘোষণা দেন। নির্বাচনী প্রচারের সময়েই ২৫ জনের একটি তালিকা প্রস্তুত করে তাঁর হাতে তুলে দিয়েছিল ফেডারেলিস্ট সোসাইটি নামের একটি অতি রক্ষণশীল গ্রুপ। সেখান থেকেই কাভানাকে বেছে নিলেন ট্রাম্প।

গত মাসে বর্ষীয়ান বিচারপতি অ্যান্টনি কেনেডি অবসরগ্রহণের কথা ঘোষণা করলে নয় সদস্যবিশিষ্ট সুপ্রিম কোর্টে একটি আসন শূন্য হয়। তাঁর স্থলাভিষিক্ত হিসেবেই ট্রাম্প কাভানাকে মনোনয়ন দিলেন।

সুপ্রিম কোর্টের এই মনোনয়ন নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনীতি এখন তুঙ্গে। ট্রাম্প-মনোনীত আরেক রক্ষণশীল বিচারপতি নেইল গোরসাচ ইতিমধ্যেই এই শীর্ষ আদালতে আসন নিয়েছেন। কেনেডি, যিনি কখনো রক্ষণশীল, কখনো উদারপন্থীদের সঙ্গে ভোট দিতেন বলে এই আদালতের ‘দোলনা’ বিচারপতি হিসেবে পরিচিত ছিলেন, তাঁর স্থলে আরও একজন রক্ষণশীল বিচারপতি নিয়োগ পেলে এই আদালতে রক্ষণশীলদের পাল্লা দীর্ঘদিনের জন্য ভারী হবে, এই কারণে রিপাবলিকানরা কাভানার ব্যাপারে অত্যন্ত উৎসাহী। আর ঠিক সেই কারণেই উদার ও মধ্যপন্থী ডেমোক্র্যাটরা শঙ্কিত।

মুখ্য শঙ্কা গর্ভপাতের অধিকার নিয়ে। ১৯৭৩ সালে রো বনাম ওয়েইড নামে পরিচিত একটি মামলার রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট নারীদের গর্ভপাতের অধিকারের স্বীকৃতি দিলেও খ্রিষ্টপন্থী ইভনজেলিকাল ও অন্য রিপাবলিকানরা তখন থেকেই এই রায় পাল্টে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গোরসাচের নিয়োগে সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল, কিন্তু গর্ভপাতের প্রশ্নে কেনেডির অবস্থান সহায়ক না হওয়ায় রো বনাব ওয়েইড পাল্টে দেওয়ার কোনো সরাসরি চেষ্টা করা হয়নি। এখন কাভানা, যিনি গর্ভপাতবিরোধী হিসেবে পরিচিত, যদি এই আসনে নিয়োগ পান, তাহলে রক্ষণশীলেরা সে চেষ্টায় সব শক্তি নিয়োগ করবেন, এতে কোনো সন্দেহ নেই।

ট্রাম্প নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই চান কাভানার নিয়োগ চূড়ান্ত হোক। প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত হলেও তাঁর নিয়োগ চূড়ান্ত করার দায়িত্ব মার্কিন সিনেটের। সেখানে এই মুহূর্তে ৫২-৪৮ আসনে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ রয়েছে। সিনেটর জন ম্যাককেইন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়, ফলে তিনি সম্ভবত ভোট দিতে আসবেন না। এই অবস্থায় মাত্র এক ভোটের রিপাবলিকান সংখ্যাধিক্য নিয়ে সিনেটে কাভানার নিয়োগ চূড়ান্ত হওয়ার কোনো নিশ্চয়তা নেই।

এই অঙ্কটা মাথায় রেখে ডেমোক্র্যাটরা সিনেটের দুই মধ্যপন্থী সদস্য—সুসান কলিন্স ও লিসা মুরকাউস্কিকে কাভানার পক্ষে ভোট না দিতে উৎসাহিত করার প্রচার শুরু করেছে। তাঁরা দুজনেই গর্ভপাতের অধিকারের পক্ষে।

এই দুজনের সমর্থন ছাড়াই কাভানার নিয়োগ চূড়ান্ত হতে পারে, কারণ একাধিক ডেমোক্রেটিক সিনেটরের কাভানার পক্ষে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত ১০ জন ডেমোক্রেটিক সিনেটর রয়েছেন, যাঁরা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রভাবিত ‘লাল’ রাজ্যগুলো থেকে পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। ট্রাম্প ও তাঁর সমর্থকদের খেপিয়ে জিতে আসা তাঁদের পক্ষে অসম্ভব হবে, এই কারণে তাঁদের অনেকেই হয়তো কাভানার পক্ষে ভোট দেবেন, ট্রাম্প সেই আশা করছেন।

ডেমোক্র্যাটরা মনে করছেন, কাভানার নিয়োগ ঠেকাতে না পারলেও গর্ভপাতের প্রশ্নটি নভেম্বরের নির্বাচনে তাঁদের তুরুপের তাস হবে। নারীরা এমনতেই ট্রাম্পের বিপক্ষে, এখন কাভানার মনোনয়নের কারণে গর্ভপাতের অধিকার প্রশ্নবিদ্ধ হওয়ায় তাঁরা ডেমোক্রেটিক বিজয়ে অধিক উৎসাহী হবে।

কাভানার নিয়োগের বিরুদ্ধে ডেমোক্র্যাটরা স্বাস্থ্যবিমার প্রশ্নটি তুলে ধরার কথাও ভাবছেন। ওবামাকেয়ার নামে পরিচিত এই আইন ডেমোক্র্যাটদের মধ্যে জনপ্রিয়। কাভানা ফেডারেল বিচারক হিসেবে ওবামা আমলে গৃহীত স্বাস্থ্যবিমা আইনে গর্ভপাত নিয়ন্ত্রক ব্যবস্থা সরবরাহের যে বিধান রয়েছে, তার বিরোধিতা করেছিলেন। ডেমোক্র্যাটরা মনে করছেন, কাভানা বিচারপতি হিসেবে নিয়োগ পেলে রক্ষণশীল গ্রুপ আরও একবার ওবামাকেয়ার বাতিলের চেষ্টা চালাবে।

ডেমোক্র্যাটদের কাভানাবিরোধী রণকৌশলের অপর অনুষঙ্গ হবে নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইনের আঁতাতের প্রশ্নে বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের তদন্ত। কাভানা তাঁর এক রায়ে মত দিয়েছিলেন, ক্ষমতাসীন অবস্থায় কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত আইনসম্মত নয়। ট্রাম্প আগাগোড়াই ম্যুলার তদন্তকে অবৈধ প্রমাণের চেষ্টা করে আসছেন। এই তদন্তের বিষয়টি শেষ পর্যন্ত যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, তাহলে কাভানা আদালতের পঞ্চম রক্ষণশীল বিচারপতি হিসেবে ট্রাম্পের পক্ষেই রায় দিতে পারেন।

ডেমোক্রেটিক সিনেটর জেফ মার্কলি বলেছেন, ট্রাম্প যে কাভানাকে মনোনয়ন দিয়েছেন, তার কারণই হলো তদন্ত প্রশ্নে তাঁর এই ভিন্নমত।

ডেমোক্র্যাটরা আশা করছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এই প্রতিটি বিষয় তুলে ধরে তাঁরা বড় ধরনের রাজনৈতিক বিজয় অর্জনে সক্ষম হবেন। তাঁদের লক্ষ্য সিনেট ও প্রতিনিধি পরিষদে ফের নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা।

রিপাবলিকানরাও ঠিক একই যুক্তি দেখিয়ে নিজেদের সমর্থকদের অনুপ্রাণিত করতে আগ্রহী হবেন, তাতে সন্দেহ নেই। বিশেষত, গর্ভপাতের প্রশ্নটি ট্রাম্পের তৃণমূল সমর্থকদের চাঙা করবে, এই বিশ্বাস থেকে ইতিমধ্যেই কাভানার নিয়োগের সমর্থনে প্রচারণার জন্য জুডিশিয়াল ক্রাইসিস নেটওয়ার্ক নামের একটি রক্ষণশীল গ্রুপ এই লক্ষ্যে ১৫ লাখ ডলার খরচ করার কথা ঘোষণা করেছে।