যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসের সামনের সড়কের নাম খাসোগির নামে হচ্ছে
যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি আরবের দূতাবাসের সামনের সড়কের নাম সাংবাদিক জামাল খাসোগির নামে করা হচ্ছে। খবর এএফপির
ওয়াশিংটন সিটি কাউন্সিল এ-সংক্রান্ত একটি বিলের পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার এই ভোট অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটন সিটি কাউন্সিলের এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদির দূতাবাসের সামনের সড়কের নাম হবে ‘জামাল খাসোগি ওয়ে’।
২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে গিয়ে নৃশংসভাবে খুন হন খাসোগি। সৌদির বর্তমান শাসকের সমালোচনায় সোচ্চার ছিলেন খাসোগি। যুক্তরাষ্ট্রে বাস করা অবস্থায় খাসোগি তাঁর তুর্কি বাগদত্তাকে বিয়ের জন্য নথির প্রয়োজনে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন। তাঁর লাশ আর পাওয়া যায়নি।
খাসোগিকে সম্মান জানিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি আরবের দূতাবাসের সামনের নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউ সড়কটির নতুন নামকরণ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাস ও ওয়াটারগেট কমপ্লেক্সের মাঝ দিয়ে চলে গেছে নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউ সড়কটি। সম্প্রতি এই সড়কটির নাম পাল্টে ‘জামাল খাসোগি ওয়ে’ করার প্রস্তাব দেওয়া হয়। মঙ্গলবার ওয়াশিংটন সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ-সংক্রান্ত বিল অনুমোদন পায়। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বৌজার বিলটিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের রাজধানীর স্থানীয় সরকারের সব আইন কংগ্রেস পর্যালোচনা করে থাকে। খাসোগির নামে সড়কের নামকরণের বিষয়টিতে কংগ্রেস আপত্তি তুলবে না বলে মনে করা হচ্ছে।
‘জামাল খাসোগি ওয়ে’ সংক্রান্ত বিল নিয়ে ওয়াশিংটন সিটি কাউন্সিলের এক প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকতার মাধ্যমে জামাল খাসোগি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছেন। সৌদি দূতাবাসের সামনের সড়ককে জামাল খাসোগির নামে নামকরণের মধ্য দিয়ে তাঁর সম্মানে এমন এক স্মৃতিচিহ্ন তৈরি করা হলো, যা সরিয়ে ফেলা যাবে না।
এএফপি জানায়, খাসোগির নামে সড়কের নামকরণ বিষয়ে সৌদি দূতাবাসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
খাসোগিকে হত্যার অনুমোদন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন সৌদি আরবের যুবরাজ।