যুক্তরাষ্ট্রে সৌদি প্রিন্স সেজে ৩০ বছর প্রতারণা

নিজেকে সৌদি রাজপুত্র জাহির করতে কী করেননি তিনি? সৌদি রাজপরিবারের কূটনৈতিক পরিচয়পত্র, একদল দেহরক্ষী, জমকালো ফেরারি গাড়ি, ব্যক্তিগত উড়োজাহাজ এবং মায়ামির ফিশার আইল্যান্ডের বিলাসবহুল কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্টের ঠিকানা—সবই ছিল তাঁর। লোকে এই ‘সৌদি প্রিন্স’কে রয়্যাল প্রটোকলও দিতে শুরু করেছিল। এভাবেই চলছিল ৩০ বছর ধরে। অবশেষে প্রমাণ হলো, তিনি ভুয়া প্রিন্স! সৌদি প্রিন্স খালিদ বিন আল-সৌদ সেজে প্রতারণা করে রীতিমতো ৮০ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন তিনি।
এই ভুয়া প্রিন্সের আসল নাম অ্যান্থনি গিনিয়াক (৪৮)। জন্ম কলম্বিয়ায়। সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রের এক দম্পতি তাঁকে দত্তক নিয়ে আসেন মিশিগানে। গিনিয়াকের বয়স যখন ১৭, তখন একদিন ভূত চাপল সৌদি প্রিন্স সাজার। সেই থেকে ধাপ্পাবাজির শুরু। প্রতারণার মাধ্যমে আবাসন বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করার অভিযোগে ২০১৭ সালের নভেম্বরে তিনি গ্রেপ্তার হন। গত শুক্রবার আদালত তাঁকে ১৮ বছরের কারাদণ্ডাদেশ দিলে বেরিয়ে আসে তাঁর ‘প্রিন্স’ সেজে সব প্রতারণার কাহিনি।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রিন্স সেজে এক হোটেল কেনার বায়না করতে গিয়ে গন্ডগোল পাকিয়ে ফেলেন গিনিয়াক। গোগ্রাসে শূকরের মাংস খেতে থাকলে হোটেল মালিকের সন্দেহ হয়, সৌদি প্রিন্স হলে তিনি শূকর খাবেন কেন? সেই সূত্র ধরেই এবার অবসান হলো গিনিয়াকের ৩০ বছরের ‘রাজপুত্রগিরি’।