ওয়াশিংটনের কাছে বহু বছর ধরে সুবিধা ভোগ করে আসা সৌদি আরবের সুদিন হয়তো ফুরিয়ে আসছে। মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতারা এবার যুক্তরাষ্ট্রের এই মিত্র দেশটিকে আইনি তিরস্কারের উদ্যোগ নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ইতিহাসে দেশটিতে এতটা সৌদিবিরোধী মনোভাব কখনোই দেখা যায়নি।
সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে গত বুধবার একটি বিল উত্থাপিত হয়। এতে ইয়েমেনে সাধারণ মানুষের ওপর বোমাবর্ষণ বন্ধ না করা পর্যন্ত রিয়াদের কাছে অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের কথা বলা হয়। যুক্তরাজ্যের সংবাদপত্র গার্ডিয়ানে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বে পরিচালিত প্রতি তিন হামলার একটিতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। চলতি বছরের প্রথম দিকে মানবাধিকার সংগঠনগুলো তথ্য-উপাত্ত উপস্থাপন করে দেখায়, দেশটিতে সাধারণ মানুষের ওপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করছে রিয়াদ। এসব বোমা যুক্তরাষ্ট্রের কাছ থেকেই কেনা। এ তথ্য পাওয়ার পর ওবামা প্রশাসন রিয়াদের কাছে ওই বোমা বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়। সাম্প্রতিক ছবি ও ভিডিওতেও দেখা গেছে, ইয়েমেনে যুক্তরাষ্ট্রে প্রস্তুত সাদা ফসফরাস ব্যবহার করছে রিয়াদ। তবে গত বুধবার ওঠা বিলটির বিরুদ্ধে বেশির ভাগ সিনেটরের ভোট পড়ায় তা আলোর মুখ দেখবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে আলোচিত ৯/১১-এর হামলা সংক্রান্ত বিলটি। প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করে বিলটি পাসের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। এটি পাস হলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিদের পরিবারের সদস্যরা সৌদি আরবকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন।
এ ব্যাপারে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউটের বুদ্ধিবৃত্তিক প্রকল্প ও সৌদি আরব বিশেষজ্ঞ ব্রুস রিডেল বলেন, ‘গত পঁচিশ বছরের মধ্যে ক্যাপিটাল হিলে এতটা সৌদিবিরোধী পদক্ষেপ আমরা দেখিনি। আমার মনে হয় না, এ মনোভাব ফলশূন্য থাকবে।’
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে জঙ্গি ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ক্রমেই ওয়াশিংটন-রিয়াদ সম্পর্কের ফাটল প্রকাশ হয়ে পড়ছে। তাঁদের মতে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সৌদির অংশগ্রহণ থাকলেও পশ্চিমা নেতারা প্রকাশ্যেই দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইসলামী মৌলবাদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে সমালোচনা করেছেন। তাঁদের ভাষ্য, বিশ্বের বহু চরমপন্থী সংগঠন রিয়াদের আদর্শকে সমর্থন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে ইয়েমেনে যুদ্ধের নিয়মনীতি ভাঙার অভিযোগ তুলে কড়া নিন্দা জানিয়েছে।
তবে ৯/১১ সংক্রান্ত বিলটির বিরোধিতা করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট বারাক ওবামা এতে ভেটো দিয়েছেন। সৌদি আরবও বিলটি পাস না হওয়ার ব্যাপারে সচেষ্ট। তদবিরের অংশ হিসেবে তারা চলতি বছর ৩০ লাখ ডলার খরচও করেছে।
মার্কিন সিনেটে পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান বব করকার বলেছেন, ‘একের পর এক বিল উত্থাপন হওয়ার মানে এই নয় যে সৌদির সঙ্গে সম্পর্ক না রাখার বিষয়টি আমাদের জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি বলতে চাচ্ছি, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তারা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার।’ তবে এই সিনেটর স্বীকার করেন, সৌদি আরবের ব্যাপারে জনমনে এখন আর আগের মতো সমর্থন নেই।