যুক্তরাষ্ট্রে স্কুলবাস দুর্ঘটনায় ৫ শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে স্কুলবাস দুর্ঘটনায় পাঁচ শিশু নিহত হয়েছে। আহত ২৪ শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া চালানোর কারণে ৩৫ জন স্কুলশিক্ষার্থী বহনকারী বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপির।

স্থানীয় সংবাদমাধ্যম ও সূত্রের তথ্য তুলে ধরে খবরে বলা হয়েছে, বাসে থাকা শিশু শিক্ষার্থীদের বয়স ছিল ৫ থেকে ১১ বছরের মধ্যে।

নগরের পুলিশপ্রধান ফ্রেড ফ্লেচার জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচজন শিশু মারা গেছে। আহত ২৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফ্রেড ফ্লেচার আর​ও বলেন, এ ঘটনা কমিউনিটির জন্য একটি দুঃস্বপ্ন। বাসের চালক জনথনি ওয়াকারকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ শিশু হত্যা ও বেপরোয়াভাবে চালনার দায়ে চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

পুলিশপ্রধান বলেন, অনুসন্ধানে জানা গেছে, বাসের গতি খুব বেশি ছিল। অতিরিক্ত গতির কারণে যে দুর্ঘটনা ঘটেছে, তা পরিষ্কার।