
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান মাইক পম্পেও সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে উত্তর কোরিয়া। কাজেই এ ধরনের হামলা প্রতিরোধে এখনই প্রস্তুত হতে হবে ওয়াশিংটনকে। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে একটি নীতিনির্ধারণী সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাইক পম্পেও বলেন, উত্তর কোরিয়াকে প্রতিহত করার ব্যাপারে অটল সিদ্ধান্তে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নিষেধাজ্ঞা আরোপ এবং কূটনৈতিক বলপ্রয়োগ করে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে আলোচনার টেবিলে আনার পক্ষপাতী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারও একই অভিমত দেন। তবে দুজনই হুঁশিয়ার করে দেন, পিয়ংইয়ংয়ের দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা রুখতে সামরিক হস্তক্ষেপের বিষয়টি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিকল্পের মধ্যে এখনো রয়েছে।
পম্পেও বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা অতীতেও উত্তর কোরিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দেশটি ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এগিয়ে গেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট পরিষ্কার করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে ঝুঁকিতে ফেলার সামর্থ্য কিম জং-উনের নেই। প্রয়োজনে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেন, যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠে এমন সমরাস্ত্র তৈরির সুযোগ ট্রাম্প প্রশাসন পিয়ংইয়ংকে দেবে না।