যুক্তরাষ্ট্রে হামলা হলে জাপানিরা ঘরে বসে টিভি দেখবে: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার তাঁর দেশের পুরোনো মিত্র জাপানের কড়া সমালোচনা করেছেন। হতাশা প্রকাশ করে তিনি বলেন, এশীয় দেশটিকে ওয়াশিংটন অবশ্যই সুরক্ষা দেবে। কিন্তু যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে জাপানিরা ‘বাড়িতে বসে সনি টেলিভিশন দেখতে পারে’।
রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ট্রাম্প শুক্রবার আইওয়া অঙ্গরাজ্যে ভাষণ দেন। ন্যাটো জোটে আর্থিক অবদান রাখার ব্যাপারে যেসব দেশ অনাগ্রহী, তাদের আবারও সমালোচনার পাশাপাশি মার্কিন সুরক্ষাপ্রাপ্ত এশীয় দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার তীব্র নিন্দা করেন তিনি। ট্রাম্প বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের একটি চুক্তি রয়েছে। ফলে দেশটিতে হামলা হলে আমাদের সর্বশক্তি দিয়ে সুরক্ষা দিতে হবে। কিন্তু আমাদের ওপর হামলা হলে জাপানের কিছুই করতে হবে না। তারা বাড়িতে বসে সনি টেলিভিশন দেখতে পারবে, তাই নয় কি?’
অবশেষে রায়ানকে সমর্থন: কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেরস্পিকার পল রায়ানকে পুনর্নির্বাচিত করার পক্ষে ট্রাম্প সমর্থন দিয়েছেন। কয়েক দিন আগেই তিনি রায়ানের তীব্র সমালোচনা করেছিলেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প গত মঙ্গলবার রায়ান এবং সিনেটর জন ম্যাককেইনকে পুনর্নির্বাচিত করার প্রস্তাব অনুমোদন করতে রাজি না হওয়ায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে।

রিপাবলিকান পার্টির সর্বোচ্চ পদে নির্বাচিত রায়ানও দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন সমর্থনে সময় নিয়েছিলেন।